স্বাধীন দেশে শহিদ মিনারের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়Ñ এ এক অদ্ভুত বাস্তবতা। বিচারালয় ও প্রশাসনিক কমপ্লেক্সের সংরক্ষিত এলাকার ভিতরে জেলার কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের পক্ষে এরকম যুক্তিই তুলে ধরা হচ্ছে। গত দুই বছর যাবৎ জেলার সংস্কৃতিসেবী, রাজনৈতিক কর্মী ও বিশিষ্টজনসহ সাধারণ নাগরিকরা ক্রমাগত স্টেশন রোডের বর্তমান শহিদ মিনার প্রশস্ত ও দৃষ্টিনন্দন করার যে দাবি জানিয়ে আসছেন সেটি কেবল উপেক্ষিতই হলো না বরং নিয়ন্ত্রিত এলাকায় শহিদ মিনারের মতো স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টরা শহিদদের স্বপ্নের বিরুদ্ধাচরণই করলেন। ভাষা শহীদ থেকে মহান স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত দীর্ঘ সময়ে যারা শহীদের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন তাঁদের সকলের স্বপ্ন-সাধ ছিল একটি মুক্ত আকাশের মতো দেশÑ যেখানে সাধারণ মানুষ স্বস্তিতে আনন্দে বুক ভরে নিঃশ্বাস নিবেন। অথচ এখন স্বপ্নের উল্টোযাত্রার আয়োজন করে শহিদ তথা শহিদ মিনারকে নিয়ে যাওয়া হচ্ছে আবদ্ধ জায়গায়।
স্টেশন রোডের বর্তমান শহিদ মিনারটি সুনামগঞ্জ মুক্ত হওয়ার পরপরই বীর মুক্তিযোদ্ধারা তৈরি করেছিলেন। এই শহিদ মিনারের উদ্বোধন হয়েছিল অত্রাঞ্চলের সাহসী সাব সেক্টর কমান্ডার মেজর মোতালিবের দ্বারা। ১৯৭১ সনের ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম বিজয় দিবসে এই শহিদ মিনারেই শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়েছিল। স্বাধীনতার পর এই শহিদ মিনারের পবিত্রতা বজায় রাখতে বীর মুক্তিযোদ্ধারা নিয়েছিলেন বিশেষ কিছু ব্যবস্থা, যা সকলেরই মনে থাকার কথা। কালেক্টরেট প্রাঙ্গণে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণের পূর্ব পর্যন্ত এই শহিদ মিনারেই জাতীয় দিবসে সরকারি-বেসরকারি উদ্যোগে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হত। এই শহিদ মিনার জেলার প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তরুণ যুব সমাজের মনে স্বাধীনতার চেতনা প্রদীপ্ত রেখেছে। এই শহিদ মিনার বহু আন্দোলন-সংগ্রামের প্রতীক। এই শহিদ মিনারে আগমন ঘটেছে বহু জাতীয় নেতার। এতসব ঐতিহ্য নিয়ে শহিদমিনারটি ইতোমধ্যে জেলার মুক্তিযুদ্ধ ও আন্দোলন-সংগ্রামের অপরিহার্য স্থাপনায় পরিণত হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো এমন স্থাপনার সংরক্ষণ নিশ্চিত করা। কিন্তু আমরা অবাক বিষ্ময়ের সাথে লক্ষ্য করলাম শহিদ মিনারটিকে সংরক্ষণ ও বর্ধিতকরণের পরিবর্তে ব্যাপক উপেক্ষা আর অবহেলার মধ্যে ঠেলা দেয়া হচ্ছে।
জেলা শহরে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের স্থান নির্বাচনের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেখানে স্পষ্টভাবে স্টেশনরোডের শহিদমিনারটিকেই দৃষ্টিনন্দন ও বর্ধিতকরণের বিষয়ে সকলে একমত হয়েছিলেন। জায়গাসংক্রান্ত জটিলতা দূরিকরণে আরেকটি কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু মূলত ওই আলোকে বিন্দুমাত্র অগ্রগতি অর্জিত হয় নি। মাঝখানে জুবিলী স্কুলের মাঠে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তরের নামে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছিল।
কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদকে জেলার এই গণঅনুভূতিকে বুঝতে ও ধারণ করতে হবে। শহিদ মিনার হলো চেতনাকে শাণিত করার দেশপ্রেমকে মজবুত করার জায়গা। এখানে আসলে মানুষের মনে দেশের প্রতি বিশেষ মমতা তৈরি হয়। একটি রাষ্ট্রের উন্নয়নের সবচাইতে বড় শর্ত হলো দেশপ্রেম। আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত শহিদ মিনারটি কোথায় হলে মানুষ নিঃসঙ্কোচে দেশের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য ভাবার ও শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবে তাও বুঝতে হবে। আমরা তাই দাবি জানাই, সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে ঐতিহ্য হিসেবে বিবেচিত স্টেশন রোডের শহিদ মিনারটির হৃত গৌরব ফিরিয়ে এনে এখানেই কেন্দ্রীয় শহিদ মিনার গড়ে তোলা হোক। মানুষের আবেগকে মূল্যায়ন করা উচিৎ। আর উচিৎ হলো শহিদ মিনারকে মুক্ত আকাশের নীচে মুক্ত মানুষের ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা।