- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কেবল প্রতিবাদী আয়োজন হবে আজ

স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলের কোথাও আজ বৈশাখী উৎসব হচ্ছে না। জেলা প্রশাসন প্রতিবছরের নির্ধারিত বর্ষবরণের র‌্যালিসহ, ইলিশ-পান্তা খাওয়ার আয়োজন বাতিল করেছে। জেলা উদীচী আজ প্রতিবাদী কর্মসূচি পালন করবে। অন্যান্য সংগঠনগুলোও নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে। পাউবো’র ঠিকাদার ও পিআইসি কর্তৃক হাওর রক্ষা বাঁধ নির্মিত না হওয়ায় চৈত্রের মাঝামাঝি সময়ে প্রায় দুই হাজার কোটি টাকার ফসল তলিয়ে যাওয়ায় জেলাব্যাপী হাহাকার শুরু হওয়ায় বর্ষবরণ উৎসব বাতিল করেছে বিভিন্ন সংগঠন। সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে নতুন কাপড় না পড়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
জেলা উদীচী’র কর্মসূচি’র মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কৃষকদের দাবি-দাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিবাদী র‌্যালি, দেশের গান, গণসংগীত, নাটক, আবৃত্তি।
পহেলা বৈশাখে জেলা উদীচীর সদস্যরা বর্ষবরণের নতুন  পোশাক ক্রয় না করে এই অর্থ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করবেন। পাশাপাশি অনুষ্ঠান স্থল থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করা হবে এবং অনুষ্ঠানে কৃষকদের মুখ থেকে দুঃখ-দুর্দশার কথা শোনা হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গত ৯ এপ্রিল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বিশেষ সভায়ই বর্ষবরণের সকল কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সুনামগঞ্জ সরকারি কলেজে প্রতিবছর বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন হতো। সমকাল সুহৃদ সমাবেশ ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস পৃথকভাবে এই আয়োজন করতো। এবছর এই কর্মসূচি বাতিল করা হয়েছে। সুনামগঞ্জ পৌর কলেজের সামনে সাংস্কৃতিক সংগঠন লোকদলের আয়োজনে হতো বর্ষবরণ অনুষ্ঠান। এবার এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। হোসেন বখ্ত চত্বরে সামাজিক সংগঠন উপত্যকা আয়োজন করতো বর্ষবরণ অনুষ্ঠানের। এরাও কর্মসূচি করবে না এবার।

  • [১]