- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কেবল সমঝোতা স্মারকের অপেক্ষা তাহিরপুর ও দোয়ারায় হচ্ছে বর্ডারহাট

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ সীমান্তের তাহিরপুরের সাহিদাবাদ (লাউড়েরগড়) ও দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় দুটি বর্ডারহাট করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়। তবে বর্ডারহাট সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ দুটি বর্ডারহাট কবে হচ্ছে এটি জানাতে পারেননি দায়িত্বশীলরা। সমঝোতা স্মারক হলেই ভারতীয় কর্তৃপক্ষ এই দুটি স্থানে এবং সিলেট সীমান্তে আরো দুটি বর্ডারহাট করবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক।
জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকার সাহিদাবাদ পর্যন্ত এপারে পাকা সড়ক রয়েছে, ওপারে ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলের নালিকাটা থেকে শিলং পর্যন্ত যোগাযোগ সড়ক রয়েছে। দোয়ারাবাজার সীমান্তের বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা এলাকার বাগানবাড়ি পর্যন্ত যোগাযোগ অবকাঠামো রয়েছে, একইভাবে ইস্ট খাসি হিলের রিংগু এলাকা পর্যন্তও যোগাযোগ অবকাঠামো আছে।
গত দুই বছর ধরে দুই দেশের ৭ জেলার জেলা প্রশাসকদের সীমান্ত সম্মেলনে বর্ডারহাট সংক্রান্ত আলোচনায়
 সুনামগঞ্জের এই দুটি বর্ডারহাট এবং সিলেটের দুটি বর্ডারহাট নিয়ে আলোচনা হয়েছে। স্থান নির্বাচন বিষয়ে দুই পক্ষই একমত হয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহের সীমান্ত সম্মেলনে এবং এর আগের বছর শিলংয়ের সীমান্ত সম্মেলনে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বর্ডারহাটের ক্রেতা বিক্রেতার সীমানা বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছিলেন। বর্তমানের নিয়ম অনুযায়ী ৫ বর্গ কিলোমিটার এলাকার বাসিন্দারা এখানকার ক্রেতা-বিক্রেতা হতে পারেন। তিনি প্রস্তাব দিয়েছেন এটি ১০ বর্গ কিলোমিটার হলে ভাল হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘তাহিরপুরের সাহিদাবাদ ও দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় বর্ডারহাট করার বিষয়ে দুই পক্ষ থেকেই একমত পোষণ করা হয়েছে। গত মাসে ইস্ট খাসি হিলের ডিস্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেট ফোন করে বলেছিলেন, বর্ডারহাট নির্মাণ বিষয়ে আমরা বসতে পারি কী-না, আমি বলেছি সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়েছে, নতুন করে সমঝোতা হলেই আমরা এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেব’।

  • [১]