এনামুল হক এনি, ধর্মপাশা
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলীসহ দুইজন উপ-সহকারী প্রকৌশলী গত ১২ দিন ধরে নিজ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ধর্মপাশা-জয়শ্রী সড়ক নির্মাণ কাজ প্রকল্পের ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ তিনজন প্রকৌশলীসহ মোট দশ জনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি) প্রকল্পের আওতায় ধর্মপাশা-জয়শ্রী সড়কে প্রায় ১০ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড নির্ধারিত সময়ের মধ্যে সিকিভাগ কাজও শেষ করতে পারেনি। পরে তাদের কার্যাদেশ বাতিল করে আবার দরপত্র আহ্বান করা হয় এবং ঠিকাদার মনোনীত হয় মঞ্জুরুল আহসান অ্যান্ড কোং নামে একটি প্রতিষ্ঠান। ১৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৫.১ কিলোমিটার অংশের কার্যাদেশ দেওয়া হয় তাদের। ২০১০ সালের ডিসেম্বর মাসে তারা কাজ শুরু করে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না করে অসমাপ্ত কাজকে সমাপ্ত দেখিয়ে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা ধর্মপাশা উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম মুন্সি ও মো. জাহাঙ্গীর আলম বিল তৈরি করেন। প্রকল্পের কাজ সমাপ্ত না হওয়া সত্বেও উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী নুরুল আলম চৌধুরী বিলে স্বাক্ষর করে সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. তামজিদ সরওয়ারের নিকট প্রেরণ করলে তিনি যাচাই বাছাই ছাড়াই কাজ সম্পন্ন হয়েছে মর্মে প্রত্যয়ন করেন। অভিযোগ মতে মো. তামজিদ সরওয়ারসহ অভিযুক্তরা সর্বমোট ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাত করেন। এ নিয়ে দুদকের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত গত ৪ অক্টোবর ধর্মপাশা থানায় একটি মামলা করেন। এরপর থেকে উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী নূরুল আলম চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম মুন্সি ও মো. জাহাঙ্গীর আলম কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ জানান, ওই তিনজন প্রকৌশলী কর্মস্থলে না থাকায় তাঁদের গত রোববার শোকজ করা হয়েছে এবং এ উপজেলায় একজন পূর্ণদায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।