- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কোন্দলের রেশ কাটেনি আ.লীগে

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগে কোন্দলের রেশ কাটেনি। দীর্ঘ ১৯ বছর পর হওয়া সম্মেলনের পর জেলা আওয়ামী লীগ আহুত বঙ্গবন্ধুর জন্মদিনের কেককাটা ও আলোচনা সভার দিনভর নানা কর্মসূচীতেও এই বিষয়টি অনুভব করেছেন গণমাধ্যমকর্মীরা।
প্রায় ১৯ বছর ধরে সম্মেলন না হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে দিয়ে। এই সময়কালে দলে কখনো দ্বিধাবিভক্তি কখনওবা ত্রিধাবিভক্তিও ছিল।
গত ২৫ ফেব্রুয়ারি সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের বিশাল সমাবেশে সংগঠনের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
নতুন এই কমিটি গঠনের পর জেলা আওয়ামী লীগের ব্যানারে বৃহস্পতিবারই প্রথম বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। বিকাল ৬ টায় শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মান্নান এমপিসহ ৩ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা এখানে বক্তব্য রাখেন। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জাফরান কুসুম ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু প্রমুখ বক্তব্য দেন।
এই অনুষ্ঠানের আগে দুপুরে রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি বিষ্ণুজ্যোতি দেব দাস এখানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অ্যাড. আলী আমজাদ, অ্যাড. সুরেশ দাস, অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. আব্দুল করিম, আবু সুফিয়ান প্রমুখ। অবশ্য বিকালে দলীয় অনুষ্ঠানেও অ্যাড. সুরেশ দাস ও অ্যাড. আলী আমজাদ বক্তব্য দিয়েছেন।
দুপুরে সুনামগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা শেষে আলোচনা সভায়  পৌর আওয়ামী লীগের সভাপতি উল্লেখ করে সভাপতিত্ব করেন বিকাশ রঞ্জন দে বাবুল। শওকতুল ইসলামের সঞ্চালনায় এখানকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। বক্তব্য রাখেন- দলীয় নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু, সুমন সাহা, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন প্রমুখ। বিকালে প্রিয়াঙ্গণের কর্মসূচিতে পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুলকে দেখা যায় নি।
এছাড়া জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী’র নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শহরে মিছিল বের হয় এবং ছাত্র লীগের আরেকটি অংশ উকিল পাড়ায় যুবলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা শেষে আলোচনা সভা করে।

  • [১]