টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প এলাকার পরিত্যক্ত জলাধার, যা ইদানীং নীলাদ্রী লেক নামে পরিচিতি পেতে শুরু করেছে (আদতে এটি শহীদ সিরাজ লেক, মহান মুক্তিযুদ্ধে জামালগঞ্জ উদ্ধার অভিযানে সিরাজুল হক নামের এক অকুতোভয় মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তাঁর মরদেহ টেকেরঘাটে সমাহিত করা হয়, স্থানীয়রা এই বীর শহীদের নামে জলাধারটিকে শহীদ সিরাজ লেক নামে ডাকতেন) । যারা টাঙ্গুয়ার হাওর এলাকা ভ্রমণে আসেন তাদের নিকট ক্রমশ এই জলাধারটি জনপ্রিয় হচ্ছে। দুঃখজনক হলেও সত্য জলাধারটির গালভরা নাম নীলাদ্রী লেক রাখা হলেও এই লেকে বিন্দুমাত্র সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় নি। লেক এলাকার কোথাও নির্মিত হয় নি কোন ঘাটলা। ফলে যারা বেড়াতে আসেন তারা জলাধারের পাড় ভেঙ্গেই জলে নামেন এবং নামতে গিয়ে প্রায়সই বিপত্তি বাধে। জলাধারটি গভীর এবং এর নীচে রয়েছে বড় বড় পাথরের চাঁই। পাথরগুলি বিপজ্জনক রকমের পিচ্ছিল। একটুখানি পা হড়কে গেলেই বিপদ ঘটতে পারে। অগভীর অংশ থেকে পানির গভীর অংশে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্প্রতি এরকম একটি বিষাদময় দুর্ঘটনা ঘটেছে এই জলাধারে। গত শনিবার ৫ বন্ধু এসেছিলেন এই এলাকায়। দুপুরের দিকে দলটি জলাধারে নামে। এক পর্যায়ে বন্ধুরা তাদের সহযাত্রী ওয়াহিদ পলিনকে আর খুঁজে পায় না। ওয়াহিদ পলিন সাঁতার জানত না। সে জলাধারের গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়ভাবে এবং পরে সিলেট থেকে ডুবুরি এনেও পানিতে তলিয়ে যাওয়া পলিনের মৃতদেহ উদ্ধার করা যায় নি। অবশেষে সোমবার সকালে জলাধারে ভেসে উঠে হতভাগ্য পলিনের লাশ। পর্যটন এলাকায় বেড়াতে এসে লাশ হয়ে ফিরতে হলো তরতাজা এই তরুণটিকে। মাঝখানে নিখোঁজের পর দুইটি দিন কী নিদারুণ উৎকণ্ঠা আর আশা-নিরাশার দোলাচলে তার বন্ধু স্বজনদের কেটেছে তা নিশ্চয়ই সহজে অনুমেয়। এই জলাধারটি খুব বড় কোন এলাকা জুরে বিস্তৃত নয়। এমন একটি জলাধার থেকে একটি লাশ উদ্ধার করার সক্ষমতা দেখানো যায় নি এদিন। আর এ ধরনের সক্ষমতার অভাব নিয়েই এখানে আমরা পর্যটন স্পট করার চিন্তায় বিভোর রয়েছি। টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট ঘিরে বিস্তৃত যে বিশাল প্রাকৃতিক শোভাম-িত এলাকা সেখানে এখন প্রতিদিনই বহু পর্যটকের আগমন ঘটে থাকে। কিন্তু এই বিশাল এলাকা জুরে পর্যটন বিভাগের কোন তৎপরতা নেই। কিছুদিন আগেই টাঙ্গুয়ার হাওরের ওয়াচটাওয়ার এলাকায় পানিতে ডুবে শহরের হাজিপাড়ার এক তরুণের মৃত্যু ঘটেছিল। পর্যটক সমাগম যত বাড়বে এরকম দুর্ঘটনা ঝুঁকিও ততটাই বাড়বে। সুতরাং এই বিশাল পর্যটন সম্ভাবনাময় এলাকা নিয়ে এখনই সরকারের কীছু উদ্যোগ গ্রহণ করা জরুরি। নতুবা এ ধরনের দুর্ঘটনা ঘটতে থাকলে পর্যটকরা টাঙ্গুয়ার প্রতি বিমুখ হয়ে যেতে পারেন।
আনন্দ করতে এসে কারও মৃত্যুবরণ করার মতো পীড়াদায়ক আর কীছু হতে পারে না। এই ধরনের হরিষে বিষাদ অবস্থা যাতে আর তৈরি না হয় সেজন্য বেশকিছু ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পর্যটন এলাকার কোথায় কোন ধরনের ঝুঁকি রয়েছে, কোথায় কী করা উচিৎ আর কী করা উচিৎ নয় সরকারিভাবে সেগুলো পর্যটকদের নিয়মিত অবহিত করার ব্যবস্থা করতে হবে। এজন্য পুরো এলাকাজুরে পর্যবেক্ষণকারী রাখাসহ সাবধানবাণী সম্বলিত প্ল্যাকার্ড স্থানে স্থানে টানিয়ে দেয়া প্রয়োজন। কথিত নীলাদ্রী লেকটিকে পর্যটকদের ব্যবহার উপযোগী করতে কয়েকটি ঘাট নির্মাণ করা সহ এর তলদেশ সংস্কার (পাথরের শ্যাওলা পরিষ্কার করা) করা দরকার। আমরা পলিনের মতো আর কারও দুর্ভাগ্যজনক মৃত্যু দেখতে চাই না। আর এ জন্য সরকারকেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।