- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্যান্সার আক্রান্ত সেন্টু জেগে উঠা ভালবাসাই তাকে বাঁচিয়ে তুলবে

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের মেধাবী ছাত্র সেন্টু রঞ্জন দাস অর্কের জীবনের ফুলগুলোর পাঁপড়ি কেবল মেলতে শুরু করেছিল। সুনামগঞ্জের নিভৃত পল্লী কলাইয়া গ্রামের ছেলে সেন্টু ২০১১ সনে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি ও ২০১৩ সনে একইভাবে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করার পর চোখে চিকিৎসা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন মেখে ভর্তি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। কিন্তু কে জানত তার শরীরের ভিতর বাসা বেধে আছে এক অজানা শত্রু। যে শত্রু আস্তে আস্তে গিলে খাচ্ছে তার যাবতীয় স্বপ্নসাধ। শত্রুর আকার যখন পূর্ণতা পেল তখন জানা গেল এর নাম লিম্ফোমা। সোজা বাংলায় যা ক্যান্সার, মানে নো আনসার। কপাল যখন ভাঙে তখন নাকি চতুর্দিক থেকে বাঁধ ভাঙা প্লাবনের মতো দুর্যোগগুলো আসতে থাকে। তার পিতাও মারা গেলেন। পিতাকে হারিয়ে অথৈ সাগরে ডুবে যাওয়ার কথা ছিল তখন সেন্টুর। কিন্তু অদম্য মনোবল নিয়ে সে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু অলক্ষ্যের শত্রু মুচকি হাসছিল তখন। তার এবং তাকে ঘিরে গজিয়ে উঠা পরিবারের স্বপ্নসাধ চূর্ণবিচুর্ণ করে দিতে লিম্ফোমা নামক মরণব্যাধিটি নিজের চেহারা বের করল। কিন্তু লিম্ফোমা নামক মৃত্যুর বাহনটি জানত না সেন্টুকে কতো মানুষ ভালবাসে। এই বাঁধ ভাঙা ভালবাসার প্রকাশ পেল অনলাইনে ব্যাপক ভাবে। বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী, সুনামগঞ্জে তাঁর শ্রদ্ধেয় শিক্ষক-সহপাঠী-শুভানুধ্যায়ী, জুবিলীয়ান, প্রবাসী সকলে ফেসবুকে সেন্টুর চিকিৎসার সাহায্যার্থে সহযোগিতার আহ্বান জানালেন। এই দুই দিনে সেন্টুর পোস্টটি মোটামোটি ভাইরাল হয়ে পড়েছে। দেশে-বিদেশে সর্বত্র সাড়া জাগিয়েছে। সহানুভূতিশীল মানবিকতার ¯েœহে তারা ভরে দিলেন অসুস্থ সেন্টুর হৃদয়। মানুষের এই কূল উপচানো ভালবাসা দেখে হাসপাতালের বেডে শোয়া সেন্টুর মনও নিশ্চয়ই খুশিতে ভরে উঠেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এই চিরকালীন মানবিকতার প্রত্যয়ে মানুষের যৌথ ভালবাসার কাছে সেন্টুর জীবন প্রদীপ নিভতে পারে না কিছুতেই, নিভবে না।
জানা গেছে সেন্টুর চিকিৎসায় ৩৫ লাখ টাকা ব্যয় হবে। এখন পর্যন্ত যে সাড়া পাওয়া গেছে তাতে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে ৩৫ লাখ টাকা জোগাড় হতে হয়ত তেমন সমস্যা হবে না। কারণ সকলেই চান মেধাবী সেন্টুর পূর্ণ সুস্থতা। সেন্টুকে সুস্থ করে তুলতে হাজার হাজার হাত আজ দরদে বরাভয় নিয়ে দাঁড়িয়ে গেছে। এই হাত তার সুস্থতা অর্জন না হওয়া পর্যন্ত নামবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য পাঠানোর বিভিন্ন হিসাব নম্বর দেওয়া আছে। বহু মানবিক মানুষ আসন্ন দুর্গা পূজার পোশাকের টাকা বাঁচিয়ে সেন্টুকে দেওয়ার আবেদন জানিয়েছেন। এই বক্তব্যের সাথে আমরা একমত। কারণ পূজার আনন্দ বোগে নয়-ত্যাগে। মানবিকতায় সমৃদ্ধ হোক পূজার আনন্দ, এই আকুতি আমাদের।
ব্যক্তির সংকটে সমাজের সংকটে সুদৃঢ় একতার বহি:প্রকাশ ঘটতে দেখেছি আমরা এই বাংলায় বহুবার, বহুভাবে। বহু পীড়িত ব্যক্তি মানুষের সম্মিলিত ভালবাসায় নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। বিন্দু বিন্দু জল জমে যেমন সমুদ্র তৈরি হয় তেমনি মানুষের ব্যক্তিগত ছোট ছোট সহযোগিতাগুলো কখন ৩৫ লাখ টাকার অংক ছাড়িয়ে যাবে টেরই পাওয়া যাবে না। সেন্টুর প্রতি বেড়ে উঠা ভালবাসার এই মানবিক ¯্রােতে তার দেহে বাসা বাধা শত্রু লিম্ফোমা চিরতরে ভেসে যাক এই আমাদের কামনা। যেসব সহৃদয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টুকে সহযোগিতার বিষয়টি সমন্বয় করছেন তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা।

  • [১]