- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্রমাগত দেবে যাচ্ছে শয়তানখালী সেতু

ধর্মপাশা প্রতিনিধি
জরাজীর্ণ সেতুটি এমনিতেই ভাঙাচোরা। গত এক সপ্তাহের ব্যবধানে সেতুর মাঝখানের অংশ ৫/৭ ইঞ্চি দেবে গেছে। আর ক্রমাগত দেবে যাওয়ার পরিমাণ বেড়ে চলছে। আবার এ সেতুর রেলিং ঘেঁষে প্রতিদিনই বসে মৌসুমী শাক-সবজি আর ফল বিক্রির দোকান। সারাদিন সেতুর ওপর যানবাহন ও ক্রেতাদের জটলা লেগেই থাকে। তবুও প্রয়োজনের তাগিদে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্যবহার করছেন এ সেতু। তাই যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সুনামগঞ্জের ধর্মপাশা-জয়শ্রী সড়কের শয়তানখালী খালের ওপর অবস্থিত শয়তানখালী সেতুর।
১৯৯৩-৯৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৮০ ফুট দীর্ঘ এ সেতুটি নির্মাণ করে। এরপর সেতুটি আর সংস্কার না করায় সেতুটি জরাজীর্ণ হয়ে উঠেছে। এ সেতুর ওপর দিয়ে সুনামগঞ্জ, জামালগঞ্জ, সাচনা, তাহিরপুর, সুখাইড় উত্তর, সুখাইড় দক্ষিণ, জয়শ্রীসহ দশধরী, দুধবহর, আতকাপাড়া, হলিদাকান্দা, বাহুটিয়াকান্দা, মহদিপুর, ঘুলুয়া, মেউহারি, কান্দাপাড়া, দেওলা গ্রামের হাজার হাজার লোকজন বিভিন্ন যানবাহনে যাতায়াত করেন। বছর দুয়েক আগে শয়তানখালী খালটি খনন করায় সেতুর খুঁটি থেকে মাটি সরে গেছে। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবুও এ সেতু দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। এ সেতুর ওপর দিয়ে জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাশা সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি ব্যবহার করছে। তাই এ সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করাসহ সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ধর্মপাশা গ্রামের বাসিন্দা সাজিদুল হক বলেন, ‘শয়তানখালী খাল খননের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা উচিত। নইলে আমাদের চরম মূল্য দিতে হতে পারে।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান বলেন, ‘সেতুটি শেখ হাসিনা উড়াল সড়ক প্রকল্পে ধরা আছে। উড়াল সড়কের কাজ শুরু হলে এ সেতুটি পুনর্নির্মাণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

  • [১]