স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী বলেছেন, সারাদেশে করোনাকালীন সময়ে মানুষকে চিকিৎসাসেবা দিতে গিয়ে ১৯০ জন চিকিৎসক মারা গেছেন। দেশের ক্রান্তিকালে সবসময় ডাক্তাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাহান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি ডাক্তাররা শহীদ হয়েছেন।
শনিবার বিকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ শাখার আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে সম্মুখযোদ্ধা চিকিৎসক সম্মাননা ও সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রোগীদের সাথে ভালো আচরণ করতে হবে। নিজের পরিবারের সদস্যদের মতো রোগীদের সঙ্গে ব্যবহার করতে হবে। এভাবেই ৪১ সালের সোনার বাংলা গড়তে সহযোগিতা করবো আমরা।
তিনি বলেন, ডাক্তারদের কাজের পরিবেশের জন্য নিরাপত্তা ও হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নিয়োগ করতে হবে। চিকিৎসা খাতে এই দুটি বিষয় নিশ্চিত করলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিছুর রহমান, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিএমএ জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।