স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর শাহ্ আবু জাকের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—— রাজিউন)। রোববার বেলা পৌঁনে ২ টায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ৩ বছরের পুত্র আলিফ এবং ৫ বছরের কন্যা জারিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ এষা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে আরপিননগর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শাহ্ আবু জাকের করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। তার মৃত্যুতে সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও সহসভাপতি পারভেজ আহমদ চৌধুরী।
শাহ্ আবু জাকের সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক শাহ্ আবু নাসেরের ছোট ভাই।