- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্ষতিগ্রস্তদের তুলনায় ত্রাণ সামগ্রী অপ্রতুল

স্টাফ রিপোর্টার
বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে নিচু এলাকা তলিয়ে ও প্লাবিত হয়ে জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারিভাবে কোথাও আশ্রয় কেন্দ্র খোলা না হলেও ক্ষতিগ্রস্তরা আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, প্রতিবেশীদের বাড়ি-ঘরে আশ্রয় নিয়েছে।
স্থানীয়দের দাবি পানিতে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা হবে কয়েক লাখ। তবে জেলা প্রশাসকের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ ও জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের দাবি জেলায় পানিবন্দি লোকসংখ্যা ১ লাখ ৩ হাজার ।
এদিকে বিভিন্ন ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তের তুলনায় ত্রাণ অপ্রতুল। যেখানে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ত্রাণ দেয়া হয়েছে মাত্র শত মানুষকে। কম সংখ্যক ত্রাণ বিতরণ করা নিয়ে বিপাকে পড়েছেন জনপ্রতিনিধিরা।
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল হক বলেন,‘ আমার ওয়ার্ডের লোক সংখ্যা প্রায় ২ হাজার। পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫০ টি পরিবার। অথচ আমার এলাকায় ত্রাণ দেয়া হয়েছে মাত্র ৯ প্যাকেট।’
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান আব্দুল হাই বলেন,‘আমার ইউনিয়নের লোকসংখ্যা ১০ হাজার। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ২ হাজার হবে। কিন্তু আমার ইউনিয়নের ত্রাণ দেয়া হয়েছে মাত্র ৯৬ জনকে। বাধ্য হয়ে আমি নৌকা দিয়ে হাওর এলাকার ক্ষতিগ্রস্তদের দিয়েছি। ত্রাণ নিয়ে গ্রামের ভেতরে যাইনি। গ্রামের অনেকে দুর্ভোগে আছেন। কাকে ত্রাণ দেব, কাকে দেব না, এনিয়ে সমস্যায় ছিলাম। ইউএনও ও ডিসি মহোদায়কে ত্রাণ বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছি।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন,‘জেলার ক্ষতিগ্রস্ত উপজেলায় ইতোমধ্যে ১০১ মে. টন চাল ও শুকনো খাবার কেনার জন্য নগদ ২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা ও পানিতে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ১৪১ মে.টন চাল মওজুদ আছে। এছাড়া জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে জানানো হচ্ছে। সোমবার ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলার জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন,‘ ৬ টি উপজেলার ৪৫ টি ইউনিয়নের ১ লাখ ৩ হাজার ৫৫০ জন মানুষ পানিবন্দি আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক দুর্যোগ মোকাবেলা করতে প্লাবিত এলাকায় ১০০ মে.টন চাল বরাদ্দ এবং নগদ ২ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।  ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

  • [১]