- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল দেখলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
চৈত্রের আগাম বন্যায় সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত বিস্তীর্ন হাওর এলাকা সরেজমিনে পরিদর্শনে বের হয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি তিন দিনের সফরের প্রথম দিন হেলিকপ্টারে ঢাকা থেকে রোববার দুপুর আড়াইটায় মিঠামইনে আসেন। যাত্রাপথে রাষ্ট্রপতি হেলিকপ্টারে লো-ফ্লাই করে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকার তাড়াইল, কুলিয়ারচর, ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, লাখাই, নাছিরনগর, সরাইল ও বানিয়াচংয়ের হাওর এলাকার অবস্থা দেখেন। এসময় রাষ্ট্রপতির সঙ্গে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপিও ছিলেন।
মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণের পর বেলা আড়াইটার দিকে উপজেলা  
পরিষদের ডাকবাংলোয় যান রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
এরপর রাষ্ট্রপতি বিশ্রাম শেষে সন্ধ্যা ৭ টায় ডাকবাংলোয় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার বেলা ১২টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। এসময় লো-ফ্লাই করে নেত্রকোনার মোহনগঞ্জ, ধর্মপাশা, শাল্লা, দিরাই ও বিশ্বম্ভরপুরের ক্ষতিগ্রস্ত হাওর এলাকার অবস্থা দেখবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি লো-ফ্লাই করে হাওর ঘুরে দেখার সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি তাঁর সঙ্গে থাকবেন। বেলা আড়াইটায় পুলিশ লাইন্স মাঠে অবতরণ করে সার্কিট হাউসে এসে মধ্যাহৃভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি। বিকালে ডিএস রোডের ঐতিহ্য যাদুঘর পরিদর্শন শেষে সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।
সুনামগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে সফরের শেষ দিন মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে রাষ্ট্রপতি  হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। ওই সময়েও তিনি লো-ফ্লাই করে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের হাওর এলাকা দেখবেন।

  • [১]