- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ক্ষতি হবে জেনেই রামপাল নিয়ে আন্দোলন’

সু.খবর ডেস্ক
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের নিশ্চিত ক্ষতি হবে জেনেই বন রক্ষার জন্য আন্দোলন করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সুলতানা কামাল এ কথা বলেন।
তিনি বলেন, সরকার বাধা দিলেও দেশের স্বার্থেই আমরা সুন্দরবন নিয়ে কথা বলছি।
‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ও এর বিজ্ঞানভিত্তিক জবাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তেল-গ্যাস কমিটির  সদস্যসচিব আনু মুহাম্মদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।
এতে সুন্দরবন রক্ষা কমিটির পক্ষে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেন শরীফ জামিল।
সুন্দরবন নিয়ে ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশি’ সরকার পক্ষের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সুলতানা কামাল বলেন, এটা সংবিধানবিরোধী বক্তব্য। সংবিধানে সবার সমান কথা বলার অধিকার দেওয়া হয়েছে। সুন্দরবন কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশের সব মানুষের সম্পদ। কোনো কারণে এই সম্পদ হুমকির মুখে পড়লে তা নিয়ে সবার কথা বলার অধিকার আছে।
এই মানবাধিকার কর্মী বলেন, এই বিদ্যুৎ প্রকল্পটির পেছনে বহু ব্যক্তির নিজস্ব স্বার্থ জড়িত। তারা তাদের ব্যবসায়িক স্বার্থই সরকারকে দিয়ে পহৃরণ করতে চাইছে। সরকার তাদের দ্বারা প্ররোচিত হয়ে রামপাল প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছে। সরকারের কাছে সুন্দরবনের জীব-বৈচিত্র কোনো গুরুত্ব নেই।
আপনাদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে নানা পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে, এর সমাধান কোথায় এমন প্রশ্নে সুলতানা কামাল বলেন, আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। যেমন আমরা একসময় যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি তুলেছিলাম। তখন এ নিয়ে কথা বলা অনেক কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি।
তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেলেন, সরকার ঢাকার চারপাশে নদীগুলো রক্ষা করতে পারছে না। ছোটখাটো শিল্পপ্রতিষ্ঠানের দূষণ নিয়্ন্ত্রণ করতে পারছে না।  তারাই আবার রামপালের দূষণ শূন্য করবে, সুন্দরবন রক্ষা করবে এটা কেউ বিশ্বাস করে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেছেন, রামপাল প্রকল্প নিয়ে এক প্রবাসী প্রকৌশলীর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলে রামপাল কর্তৃপক্ষ এর জবাব দিয়েছে। সরকার বলছে রামপাল কর্তৃপক্ষের বক্তব্যে তারা সন্তুষ্ট। এই পুরো ঘটনাটি আমার কাছে সাজানো নাটক বলে মনে হয়েছে।

  • [১]