সু.খবর ডেস্ক
আওয়ামী লীগ সরকার ‘ক্ষমতা হারানোর ভয়ে’ জাতীয় ঐক্য করতে চায় না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার জাতীয় ঐক্য চায় না। কারণ এই ঐক্যের সম্ভাব্য প্রভাব নিয়ে তারা ভীত। আজকে যদি জাতীয় বৃহত্তর ঐক্য গড়ে উঠে, তাহলে তার প্রেক্ষিত কী? সেখানে গণতান্ত্রিক পরিবেশ লাগবে, সেখানে আইনের শাসনের যে ব্যত্যয় ঘটছে, এগুলো সংশোধিত হতে হবে। এজন্যই সরকার জাতীয় ঐক্যকে ভয় পাচ্ছে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশে আবদুল্লাহ আল নোমান এ অভিযোগ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, শহীদুল ইসলাম বাবুল, ছাত্র দলের সভাপতি রাজীব আহসানসহ ছাত্র নেতৃবৃন্দ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহানগর পূর্ব শাখা ছাত্রদল এই সমাবেশ আয়োজন করে।
আবদুল্লাহ আল নোমান বলেন. ‘জঙ্গিবাদ জঙ্গি নয়, জঙ্গিবাদ একটি দর্শন। একে পাল্টা দর্শনের মাধ্যমে মোকাবিলা করতে হবে। যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, তাদের সংশোধন করে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এমন একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে, যেখানে আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে, শান্তিপূর্ণ দেশ হিসেবে শান্তিপূর্ণভাবে আমরা সবাই সহাবস্থান করতে পারি। এছাড়া আর কোনো বিকল্প পথ আছে বলে আমরা মনে করি না।’
জনসম্পৃক্ততা ছাড়া কেবলমাত্র ‘পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী’ জঙ্গিবাদ দমন সম্ভব হবে না বলেও জানান তিনি।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সমালোচনা করে সাবেক পরিবেশমন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘কৃষিপ্রধান দেশ, উর্বরা দেশ, পলি-মাটির দেশ, সুন্দরবনের দেশ। প্রাকৃতিকভাবে দেশকে তারা(সরকার) ধ্বংস করে দিচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে সরকার আমাদের জীব-বৈচিত্র্যকে ধ্বংস করছে। এদেশ একদিন মরুভুমিতে পরিণত হবে যদি রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।’