ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের কথা একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ক্ষুদে বার্তায় থানার ওসি ও স্থানীয় সাংবাদিকদেরকে জানানোর পর ওই স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করেছেন প্রশাসন।
জানা যায়, বৃহস্পতিবার বাদ জোহর ওই স্কুল ছাত্রীর সাথে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২৭ বছর বয়সী এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। থানার ওসি মো. গোলাম কিবরিয়া ও স্থানীয় সাংবাদিকেরা ক্ষুদে বার্তা পাওয়ার পর এ ব্যাপারে খোঁজ নিতে থাকেন। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলামকে জানালে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ঘটনার সত্যতা জানতে ও বাল্যবিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। ওই ইউপি চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্যকে বিয়ে বন্ধ করতে বললে ইউপি সদস্য বাল্যবিয়ে বন্ধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, তিনি এ বাল্যবিয়ের খবরটি মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানতে পারেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, থানার ওসি ও সাংবাদিকেরা এ বাল্য বিয়ের খবরটি জানানোর পর স্থানীয় জনপ্রনিধিদের সহায়তায় এ বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।