- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কয়লা তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট অংশে যাদুকাটা নদীতে ভাসমান এক বাংলাদেশী যুবকের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম সাইদুর রহমান (২৫)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়গুপ টিলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে পেশায় একজন কয়লা শ্রমিক।
স্থানীয়রা জানান, সাইদুর রহমান আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তাদের ধারণা যাদুকাটা নদীতে কয়লা তোলার সময় সাইদুর রহমানের মৃগী রোগ উঠলে পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে সাইদুর রহমান সীমান্ত নদী যাদুকাটার ভারতীয় অংশের ঘোমাঘাট এলাকায় কয়লা তুলতে যায়। পরে স্থানীয় লোকজন দুপুরে জানতে পারে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় ১ কিলোমিটার ভিতরে নলিকাটা থানার ঘোমাঘাট এলাকায় সাইদুর রহমানের লাশ জাদুকাটা নদীতে ভাসমান অবস্থায় পড়ে আছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল তছলিম এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে লাশ উদ্ধারে জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

  • [১]