- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদিজাকে হত্যাচেষ্টায় বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিশেষ প্রতিনিধি
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগ নেতা বদরুল আলম। বুধবার বিকেলে অতিরিক্ত মহানগর হাকিম উম্মে শারাবন তাহুরার আদালতে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এসি (প্রসিকিউশন) তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতে বদরুল আলম কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
এর আগে বদরুল আলমকে আদালতে নেওয়া হয়।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি জানান জানান, ঘটনার পর গণধোলাইয়ের শিকার বদরুলকে ওসমানী হাসপাতাল থেকে সকালে থানা হাজতে নেওয়া হয়। সেখান থেকে বিকেলে আদালতে নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে খাদিজাকে নগরীর এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে আহত করে বদরুল। পরে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দফা অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে  ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদিজার মামা আবদুল বাছিত।
মঙ্গলবার নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে উত্ত্যক্ত ও হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অভিযোগে বদরুলের বিরুদ্ধে মামলা করেছেন।

  • [১]