দ. সুনামগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘সাম্প্রতিক কালে দেশের সবচেয়ে ঘৃণিত ঘটনাকারী সুনামগঞ্জের বাসিন্দা, এটি আমাদের জেলাবাসীর জন্য লজ্জার। তবে এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান জিরো টলারেন্সে। কোন ভাবেই এমন দুর্বৃত্তপনা সহ্য করা হবে না। সেটি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা সামাজিক বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন। আমাদের যে মেয়েটি দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করছি, সে সুস্থ হয়ে উঠবে। আমি সুনামগঞ্জসহ দেশবাসীকে বলতে চাই কোন ভাবেই এই দুর্বৃত্ত আইনের আওতা থেকে বের হতে পারবে না। অবশ্যই বিচার হবে এবং দৃষ্টান্তমূলক বিচার, যাতে সমাজে আর এ ধরনের ঘটনা না ঘটে’।
শুক্রবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্সে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫০০ আসনের ‘ঝিলবিল’ মিলনায়তনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর গণমাধ্যম কর্মীদের কাছে এসব কথা বলেন তিনি।
শেষে মিলনায়তনের নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানেও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম’র সভাপতিত্ব ও যুবলীগ নেতা মনিরুজ্জামান সুজনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ,
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, থানার ওসি আলামিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।