- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদ্যবান্ধব কর্মসূচি দিরাইয়ে সচ্ছলরা তালিকায়

স্টাফ রিপোর্টার
দিরাইয়ের জগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ১০ টাকা কেজি মূল্যের সরকারি চাল বিক্রির তালিকা তৈরি ও চাল বিক্রিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আজম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি জেলা খাদ্য নিয়ন্ত্রককে দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে ইউপি সদস্য রওশন আজম উল্লেখ করেছেন, জগদল ইউনিয়নের চাল বিক্রির ডিলার সিকন্দরপুর গ্রামের বাসিন্দা আবু বকর বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চাকুরীতে আছেন। প্রকৃত ডিলারের অবর্তমানে তার ভাই মামুনুর রশিদ ও তারেক রহমান সরকারি চাল বিক্রি করছেন। কিন্তু তারা সরকারি চাল বিক্রিতে অনিয়ম-দুর্নীতি করছেন। প্রকৃত কার্ডধারীদের চাল না দিয়ে স্বচ্ছল ও আত্মীয় স্বজনদের মাঝে চাল বিক্রি করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কার্ড প্রদান করা হয়েছে- সিকন্দরপুর গ্রামের কনফেকশনারী ব্যবসায়ী ১৫ কেদার জমির মালিক সিরাজুল হক, ব্যবসায়ী ও মিশনে অবস্থানরত এক সৈনিকের পিতা গফুরুজ্জামান, সরকারি হাসপাতালের চাকুরীজীবী বানু বেগম,  পল্লী চিকিৎসক মোস্তাক আহমদ, ধান-চাল ব্যবসায়ী আফরোজ উদ্দিন, বাঁশ ব্যবসায়ী   
 আতাউর রহমান, ফয়জুল হক, মাদ্রাসায় চাকুরীজীবী রাহিমা খাতুন, প্রবাসীর ভাই শহীদ মিয়া,  কাপড় ব্যবসায়ী ফহল আহমদ, কাচাঁমাল ব্যবসায়ী ও ইঞ্জিন চালিত নৌকার মালিক গৌছ উদ্দিন,  কম্পিউটার ব্যবসায়ী রিগেন মিয়া, পোল্ট্রি ব্যবসায়ী আলফু মিয়া, বয়স্কভাতা প্রাপ্ত তৈমুর আলী, আহমদ আলী, ৩৬ কেদার জমির মালিক মসুর মিয়া,  ২৬ কেদার জমির মালিক মোশাহিদ আলী, ১৮ কেদার জমির মালিক, মিয়াধন আলী, ১২ কেদার জমির মালিক প্রবাসী ছেলে পিতা সাধন মিয়া, ৮ কেদার জমির মালিক শাহীন মিয়া, প্রবাসীর ছেলের বাবা আনোয়ারা বাশদাসহ আরো অনেক স্বাবলম্বী পরিবারকে।
ইউপি সদস্য রওশন আজম আরো জানান, ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মতলিব ১০ টাকা কেজি চাল প্রাপ্তদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন। সিকন্দরপুর গ্রামের ৩১ জন স্বাবলম্বী, ব্যবসায়ী ও ধনী পরিবারকে কার্ডের জন্য তালিকাভুক্ত করেছেন। এমনকি আব্দুল মতলিব নিজের ছেলের নামে একটি কার্ড করেছেন। তিনি অভিযোগ করে বলেন,‘সরকারি চাকুরীজীবী, প্রবাসীর ভাই, অনেক জমির মালিক, পাকা বাড়ির মালিকসহ অনেক ধনী পরিবারকে ১০ টাকা কেজি চাল ক্রয়ের কার্ড দিয়েছেন।
সাবেক ইউপি সদস্য আব্দুল মতলিব বলেন,‘আমি গরিব মানুষ। আমার নিজের বাড়িই নাই। আমার ছেলে গরিব তাই নাম দেয়া হয়েছে। তবে সকল নামের তালিকা সাবেক চেয়ারম্যান আ. সালাম সিকন্দরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মামুন মিয়াকে দিয়ে করছেন। মিটিং করে তালিকা করা হয়েছে, আমি এই তালিকা করিনি।’ তবে জগদল ইউপির সাবেক চেয়ারম্যান আ. সালাম এ অভিযোগ অস্বীকার করে বলেন আমি কোন তালিকা করিনি। স্থানীয় ওয়ার্ডের মেম্বাররাই এই তালিকা তৈরি করেছেন।
অভিযুক্ত ডিলারের ভাই আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ বলেন,‘ডিলারশীপ পাওয়ার পর আমার ভাই আফ্রিকায় গেছেন। আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। আমরা সঠিকভাবেই চাল বিক্রি করছি। কোন অনিয়ম-দুর্র্নীতি হচ্ছে না। কার্ড তৈরি আমি করি নাই। সবকিছুই মেম্বার বলতে পারবেন।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মো. শফিউল আলম বলেন,‘দিরাইয়ে ১০ টাকা কেজি দরে সরকারি বিক্রিতে অনিয়ম-দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত করার জন্য সদর উপজেলা অফিসের খাদ্য পরিদর্শক মো. রফিকুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ তালিকা তৈরির অনিয়মের বিষয়ে তিনি বলেন,‘স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাই কার্ডের তালিকা প্রনয়ণ করেন। কোন অনিয়ম হয়ে থাকলে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।’

  • [১]