- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদ্যবান্ধব কর্মসূচীর সফল বাস্তবায়ন কামনা করি

গত শনিবার থেকে জেলার দুই উপজেলায় আনুষ্ঠানিকভাবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা দুইটি হলো দক্ষিণ সুনামগঞ্জ ও ধর্মপাশা। আশা করা যায় শীঘ্রই জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এই কর্মসূচী শুরু করা হবে। দক্ষিণ সুনামগঞ্জে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে এই কর্মসূচীর জন্য যে শ্লোগানটি ব্যবহার করা হয়েছে তা বেশ কৌতুহল উদ্দীপক। ছন্দের সুরে ওই শ্লোগানে বলা হয়েছে-‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। মূলত দেশ যখন মধ্যম আয়ের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে তখন এই ধরনের শ্লোগান তাৎপর্যপূর্ণ। নানা পরিসংখ্যান দিয়ে যখন দেশের গড় আয় বৃদ্ধির তথ্য পেশ করা হয় তখনও যে দেশের কোণে কোণে দারিদ্রতার ব্যাপকতা এখনও রয়েছে, তা এই শ্লোগানের মাধ্যমে সামনে চলে আসে। তবে আশা ও তৃপ্তির কথা এই, শেখ হাসিনার সরকার এই বাস্তবতাকে অস্বীকার করছে না, বরং স্বীকার করে নিয়ে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য বুক চিতিয়ে লড়াই শুরু করেছে। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর ঘোষণাকে বিভিন্ন মহল থেকে পরিহাস করা হলেও এখন সারা দেশ জুরে যখন এই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে তখন পরিহাসকারীদের মুখ দেখানোর উপায় থাকে না। কিন্তু এই ধরনের পরিহাসকে কানে না তুলে দৃঢ় প্রত্যয় নিয়ে নিরবে কাজ করে যাওয়াই হবে সর্বোত্তম জবাব।
শেখ হাসিনা দেশ থেকে ক্ষুধা হটানোর যে কর্মযজ্ঞ শুরু করেছেন তা যাতে মাঠে মারা না পড়ে সেজন্য তাঁর প্রশাসনযন্ত্র ও সংগঠনকে তৎপর থাকতে হবে। ঈদের আগে কুড়িগ্রাম জেলা থেকে স্বয়ং প্রধানমন্ত্রী এই কর্মসূচীর উদ্বোধন করলেও আমাদের জেলায় তখন তালিকা চূড়ান্ত না হওয়ার হতাশাজনক খবর সংবাদপত্রের পাতায় উঠে এসেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ ও খাদ্য বিভাগের কর্মকর্তাগণের দায়িত্বহীনতার বিষয়টি এর মধ্য দিয়ে সামনে চলে এসেছিল। শনিবার থেকে দক্ষিণ সুনামগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির যে সূচনা ঘটানো হলো তার ধারাবাহিকতা বজায় রাখাসহ যাবতীয় দুর্নীতি-স্বজনপ্রীতির বাইরে থেকে সর্বত্র সঠিকভাবে এই কর্মসূচী চালু থাকার আহ্বান আমাদের। সরকারি খাদ্যগোদামে প্রকৃত কৃষকরা ধান-চাল বিক্রি করতে না পারলেও খাদ্য বিভাগ অন্তত ১০ টাকা কেজির চাল বিতরণে কোন অনিয়ম করবেন না এই আশা পোষণ করতে চাই আমরা।
বাংলাদেশের অর্থনীতি বেশ গতি নিয়ে এগিয়ে চললেও উন্নয়নের সুষম বিন্যাস ঘটেনি। সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিতদের মধ্যে আকাশ-পাতাল বিভেদরেখা ক্রমাগত বাড়ছে। সম্পদের কেন্দ্রীভবন ঘটছে বিশাল আকারে। যে জন্য দেশেরই একটি ক্ষুদ্র শ্রেণির হাতে এখন অঢেল ধনসম্পদ অন্যদিকে গ্রামের মানুষ দশ টাকা কেজি দরে চাল কিনতে কিংবা ভিজিএফ-ভিজিডির মাগনা চাল পেতে লাইনের পরিধি বড় করে। এই অসম উন্নয়ন কোন স্বাধীন রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। এটি মহান স্বাধীনতার মৌল চেতনারও পরিপন্থী। এই বৈষম্য কমাতে রাষ্ট্রকে ও রাষ্ট্রের বিভিন্ন সংগঠনকে আজ একসাথে কাজ করতে হবে। যত বৈষম্য কমে আসবে ততই দেশের উন্নতি আরও দ্রুত গতিতে ঘটতে থাকবে। সুতরাং আমাদের শপথ হোক দেশ গড়ার, দেশকে এগিয়ে নেয়ার এবং প্রাথমিকভাবে শেখ হাসিন্রা বাংলাদেশ থেকে ক্ষুধা নিরুদ্দেশ করার।  এই আশা থেকেই আমরা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর সফলতা কামনা করি।

  • [১]