সু.খবর ডেস্ক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কয়েকজন নেতা বলেছেন, খালেদা জিয়াকে গ্রেফতারের চক্রান্ত করা হচ্ছে। কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি যত দূর জানি, তাতে তাকে (খালেদা জিয়া) গ্রেফতারের বিষয়ে সরকার কোনো রাজনৈতিক চিন্তাভাবনা করছে বলে জানা নেই। শুক্রবার সকালে গাজীপুরে টেকনগপাড়া এলাকায় বিআরটিসির বাস ডিপো আকস্মিক পরিদর্শনে এলে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে কান ধরে উঠবস করানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শ্যামল কান্তি যদি নাস্তিকও হয় তবুও তাকে কান ধরে উঠবস করানোটা আইনসিদ্ধ নয়। এটা একেবারে সামন্তবাদী ব্যবস্থার মতো। এ বিষয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যবস্থা নিয়েছেন।’
বিআরটিসির বাস ডিপো পরিদর্শনের পর মন্ত্রী সালনা এলাকায় গড়ে ওঠা অবৈধ লেগুনা তৈরির কারখানা দেখতে পান। এসব কারখানা উচ্ছেদ করতে নির্দেশ দেন তিনি। এ ছাড়া অবৈধ লেগুনা জব্দ করতে বলেন। তিনি জানান, বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া বাস ডিপোর ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন তিনি।