স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে গণ-অনশন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে সংগঠনের পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই অনশন কর্মসূচী পালন হয়।
জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট মাসুক আলম, নাদীর আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, সেলিম উদ্দিন, আতম মিসবাহ্, আবুল মুনসুর শওকত, আব্দুল লতিফ জেপি, আনছার উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নূর হোসেন, কামরুজ্জামান কামরুল প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা নেবার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘সরকার স্বৈরাচারী আচরণ করছে, গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। অবিলম্বে এমন আচরণ বন্ধ না করলে সরকারকে কঠিন মূল্য দিতে হবে।’
গণঅনশন শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া কামনা করা হয়।