- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে অবস্থান পরিস্কার করলেন নজির হোসেন

স্টাফ রিপোর্টার
ওয়ান ইলেভেনের সংস্কারপন্থি নেতা, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন অতিথের কর্মকান্ডের জন্য বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে ক্ষমা চাইলেন। খালেদা জিয়া বললেন,‘দেশের সংকটকালে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় গিয়ে জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।’ মঙ্গলবার গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলে নজির হোসেনকে  এমন নির্দেশনা দেন খালেদা জিয়া।
সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা ৫ মিনিট পর্যন্ত গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন নজির হোসেন। এসময় দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
সাবেক সংসদ সদস্য নজির হোসেন বলেন,‘আমি দলীয় চেয়ারপার্সনকে বলেছি ওয়ান ইলেভেনের সময় মান্নান ভুইয়াকে সহায়তা করা আমার ভুল ছিল, আপনি এই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আগামী দিনের পথ চলায় যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই কাজ করবো আমি।’ তিনি জানান, এসময় দলীয় চেয়ারপার্সনের সঙ্গে দেশের সামগ্রীক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সুনামগঞ্জের সাংগঠনিক অবস্থা এবং কৃষকের দুর্দশার কথাও দলীয় চেয়ারপার্সন জানতে চেয়েছেন। পরে তিনি বলেছেন,‘আপনার জেলায় দলকে ঐক্যবদ্ধ করে দেন। সকলকে নিয়ে কৃষকের পাশে দাঁড়ান।’

  • [১]