সু.খবর ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হলে এদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। যেদিন তাকে সাজা দেয়া হবে সেদিন থেকেই সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।’
শুক্রবার জাতীয় প্রেসকাবে এক নাগরিক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা এবং চার্জশিট প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ ইকবাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, কৃষকদলের শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়া তার মামলা নিয়ে উদ্বিগ্ন নন। কারণ তিনি জানেন এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। সুতরাং এ নিয়ে তিনি টেনশন করেন না।’
দেশের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে দেশে কী হচ্ছে। শুধু দুর্নীতি আর মানি লন্ডারিং। কিন্তু মামলা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। তবে আল্লাহর রহমতে তারেক রহমান দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন।’
এব্যাপারে সরকার যে আপিল করেছে সেই আপিল বিভাগেও তারেক রহমান খালাস পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রবীণ এই আইনজীবী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, ‘আপনারা পদক্ষেপ নিন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তরমূলক শাস্তি দিন। যারা বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকারের অধীনে টাকা পাচার করেছে তাদের নামের তালিকা প্রকাশ করুন। জাতি এসব জানতে চায়।’
মাহবুব হোসেন বলেন, জুলুমবাজ ও মামলাবাজ সরকারের পতন ঘটাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। সরকারের অন্যায় থেকে মুক্তি পেতে হলে সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।