সু.খবর ডেস্ক
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক জুডিশিয়াল ক্রাইম করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গুম, খুন, অপহরণ ও জুলুম নির্যাতনবিরোধী মানবাধিকার কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি এই কনভেশনের আয়োজন করে।
খায়রুল হকের উদ্দেশে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, যিনি পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রক্ষা করে আসলেন, এখন তিনি কোন মুখে বলছেন, এই রায় ভুল হয়েছে আর্টিক্যাল ৯৬ মার্শাল’ল এর অধীনে করা হয়েছিল। সুতরাং এটাকে রাখাটা ঠিক হয়নি। তাহলে আপনি কেন মার্জনা করেছিলেন। আপনি পঞ্চম সংশোধনীর রায়ে সেটা কেনো বাতিল করে দিলেন না? এটা তার ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল স্ট্যান্ডার্ড। এটা হলো একটা জুডিশিয়াল ক্রাইম। এবিএম খায়রুল হক হ্যাজ কমিটেড ইন জুডিশিয়াল ক্রাইম। এটা বিচারিক একটা অপরাধ তিনি করেছেন। সারা জাতির কাছে তার মার্জনা চাওয়া উচিত্, ক্ষমা চাওয়া উচিত।
মওদুদ বলেন, বর্তমান সরকারের একজন বেতনভুক কর্মকর্তা হিসেবে তিনি (বিচারপতি খায়রুল হক) আজকে সরকারের দালালিতে নেমেছেন যেটা আমাদের সরকারি আচরণবিধির পরিপন্থী। তার উচিৎ হবে অবিলম্বে পদত্যাগ করা।
মওদুদ আহমদ বলেন, সরকারি দল এত দিন বলে এসেছে- বিচার বিভাগ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করে আসছে। দেশের উচ্চ আদালত স্বাধীনভাবে কাজ করে কারণ তারা নিরপেক্ষ। কিন্তু সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিলের পূর্ণাঙ্গ রায়ের পর ক্ষমতাসীনদের কর্মকান্ডে প্রমাণ হয়েছে তারা (সরকারি দল) বিচার বিভাগে বিশ্বাস করে না।
তিনি বলেন, আজকে সরকারি দল এই রায়কে গ্রহণ করতে পারেনি। তারা আন্দোলন করছে। পৃথিবীতে এ ধরনের কোনো নজির নেই যে, উচ্চতর আদালতের রায়ের বিরুদ্ধে সরকারি দল আন্দোলন করে। এটা একটা ভয়ংকর অবস্থা।
সভায় লেবার পার্টির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, নারায়নগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।