- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খেলাটা দক্ষিণ আফ্রিকায় বলেই…

সু.খবর ডেস্ক
পচেফ্স্ট্রুমে বাংলাদেশ দল পৌঁছেছে কালই। সোমবার সকালে পা রেখেছে প্রথম টেস্টের ভেন্যু সেনউইস পার্কে। স্থানীয় সময় সাড়ে নয়টায় শুরু করেছে অনুশীলন। সবচেয়ে বড় সুসংবাদ, বেনোনিতে প্রস্তুতি ম্যাচে ঊরুর পেশিতে চোট পাওয়া তামিম ইকবাল ফিরেছেন নেটে। তবে এখনো সেরে ওঠেননি কাঁধে চোট পাওয়া আরেক ওপেনার সৌম্য সরকার।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্টের আগে বাংলাদেশ দল প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে আরও দুই দিন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলাররা ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এক ইনিংস। প্রস্তুতির বাকিটা তাঁরা সারবেন নেটে।
সতীর্থরাও তা-ও এক ইনিংস বোলিংয়ের সুযোগ পেয়েছেন, রুবেল তো সেটিও পাননি। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি এই পেসার। প্রস্তুতি ম্যাচও খেলা হয়নি তাঁর। তবে দক্ষিণ আফ্রিকার উইকেটের যে চরিত্র, সেটিই আশাবাদী করছে রুবেলকে, ‘আমরা জানি, দক্ষিণ আফ্রিকার উইকেট থেকে সহায়তা পায় ফাস্ট বোলাররা। এখানে উইকেট বাউন্সি হয়, কন্ডিশন অনুযায়ী মাঝেমধ্যে সুইং করে। পেস বোলারদের জন্য খুব আদর্শ জায়গা। আমরা যারা পেস বোলার আছি, ভালো পরিকল্পনা করে জায়গামতো বোলিং করতে পারি, মনে হয় সফল হতে পারব।’
প্রোটিয়াদের বিপক্ষে সফল হতে বাংলাদেশের পেসাররা কোন পথ ধরে এগোচ্ছেন, সেটিরও একটি ধারণা দিলেন রুবেল, ‘যেহেতু বাউন্সি উইকেট, লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করতে হবে। এ ধরনের উইকেটে একটু পেছনে বোলিং করলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যাবে। আশা করি, আমরা দ্রুত এটা রপ্ত করে নিতে পারব।’

  • [১]