স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান বলেছেন,‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উন্নয়ন ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ইতিবাচক পরিবর্তন চাই। আমরা উন্নয়ন চাই। খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে সামনে এগিয়ে যেতে চাই। আমরা সেদিকেই কাজ করছি। খেলাধুলার জন্য অনেক বরাদ্দ ব্যয় করছি। আগামীতে যে বাজেটে আসবে সে বাজেটে খেলাধুলার জন্য আরো বেশী বরাদ্দ রাখা হবে।’
তিনি আরো বলেন,‘সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব। জেলা ক্রীড়া সংস্থা একটি প্রকল্প তৈরি করে দিলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আশা করি আগামীতে আমরা আরও ভাল খেলার আয়োজন করতে পারব।’
সুনামগঞ্জ পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন,‘শুক্রবার ছিল সুনামগঞ্জবাসীর খুশির দিন। হাজার দর্শক এক কাতারে দাঁড়িয়ে খেলা উপভোগ করেছেন। এই ফুটবল টুর্নামেন্টে ক্রীড়া জগতে প্রাণ সঞ্চার হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী, পৌর মেয়র আয়ূব বখত জগলুল,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী প্রমুখ।