স্টাফ রিপোর্টার
‘রক্ত দেব মাঠ দেব না, জুবিলীর খেলার মাঠ দখল করে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বন্ধ কর, করতে হবে’- ম্লোগানে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়রে শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা পরিষদ কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে বুধবার সকালে এই মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রাক্তন জুবিলীয়ান মোমেন আহমেদ নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী জহিন আহমেদ, চয়ন দাস, লাবিব, ওসামা, তাহসিন হক, ইউসুফ তামিম, স্বাগত, সাকিব আহমেদ, জুবিলীর প্রাক্তন শিক্ষার্থী হৃদয় আহমেদ, হাসান আহমেদ, মেহেদী হাসান, আবির আহমেদ, শিহাব আহমেদ প্রমুখ।
পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবির কথা জানান।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা স্কুল কমিটিসহ সকলের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তোমরা এখন আন্দোলন বন্ধ রাখ, আলোচনার পর সিদ্ধান্ত তোমাদেরকে জানানো হবে’।