- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খেলার মাঠ নষ্ট করে মার্কেট নয়

জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মার্কেট নির্মাণের সিদ্ধান্তে স্থানীয়দের পক্ষ থেকে জোরালো আপত্তি তোলা হয়েছে। এলাকাবাসীর বক্তব্য হলো, এই মাঠটি এলাকার সবচাইতে বড় মাঠ। এখানে কয়েক গ্রামের ছেলেদের খেলাধূলা সহ এলাকার ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। স্থানীয়দের আপত্তির প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি অবশ্য বলেছেন, তারা মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন বটে, তবে স্থানীয়দের আপত্তির প্রেক্ষিতে তাদের মতামতের বাইরে কিছুই করা হবে না। বিদ্যালয় কর্তৃপক্ষের মনোভাব স্পষ্টই ইতিবাচক। আমাদের দেশে পুকুর, জলাশয়, খেলার মাঠ এগুলোকে দেদারসে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতা অত্যধিক। বিশেষভাবে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় এমন অবস্থা বেশি। অথচ মানুষের জীবন ধারণের জন্য পুকুর-জলাশয়, খেলার মাঠ, গাছ-গাছালীসহ খালি জায়গার ভীষণ প্রয়োজন রয়েছে। এমন পরিবেশ না থাকলে কোন জায়গা মানুষের বসবাসের অযোগ্য বিবেচিত হয়। আবদ্ধ পরিবেশে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।  কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা যখন কোন খালি জায়গার চরিত্র নষ্ট করে স্থাপনা গড়ে তুলি তখন এই বিবেচনাবোধ কাজ করে কম ক্ষেত্রেই। তবে জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যে যে দায়িত্বশীলতা ও বিবেচনাবোধের আভাষ মিলেছে তাই ভরসা।
গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে স্থানীয়দের মাঠ রক্ষার আকুলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তারা নিজেদের সন্তান সন্ততির শারীরিক প্রবৃদ্ধি ও উৎকর্ষতা সহ সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের জন্য এই মাঠটিকে অন্য কোন ধরনের ব্যবহারের বিরুদ্ধে। তাঁদের এই আকাক্সক্ষা  স্বাভাবিক ও যুক্তিসঙ্গত। অন্যদিকে বিদ্যালয় কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। বিদ্যালয়ের আর্থিক চাহিদা থাকতে পারে, এটি বর্ধিত বা সম্প্রসারণের পরিকল্পনাও থাকতে পারে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একটি মাঠ দখলের চিন্তা-ভাবনা কখনও শিক্ষা বিস্তারের সাথে সংগতিপূর্ণ নয়। এজন্য সরকারের সহায়তা গ্রহণ বা অন্য কোন উপায়ে বিকল্প চিন্তা-ভাবনা করার জায়গা রয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্যও তো একটি সুবিশাল মাঠ প্রয়োজন। খেলার মাঠ বিহীন যেকোন বিদ্যালয়কে কখনও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না। আমরা আশা করব বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠ নষ্ট করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসবেন।

  • [১]