স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বলেছেন, খেলা হবে, রাজপথে আসুন। বিএনপি রাজপথে নামলেই পুলিশ দিয়ে বাধা দেন কেন, প্রশাসনকে ব্যারাকে রেখে আসুন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের একটি হোটেলে বন্যার ক্ষতিগ্রস্ত মহিলাদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং সুনামগঞ্জ মহিলা দলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগ বলে বিএনপি মাঠে নেই অথচ বিএনপি মাঠে নামলেই পুলিশ দিয়ে বাধা দেয়। দলের নেতাকর্মীদের হত্যা করা হয়, মামলা দেয়া হয়, গুম করা হয়।
দ্রব্যেমূল্যের উর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, দেশে তেল, গ্যাস সহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দেশের মানুষ আজ অনহারে থাকতে হচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপি মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক প্রফেসার ডা. মোশেদ হাসান খান, জাতীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেনা জেরিন খাঁন প্রমুখ।