স্টাফ রিপোর্টার
সীমিত পরিসরে গণ টিকা কার্যক্রমের প্রথম দিনে তাহিরপুর উপজেলা হাসপাতালে টিকা কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে দুর্গম হাওরাঞ্চল থেকে টিকা নিতে আসা লোকজনকে ভোগান্তি পোহাতে হয়েছে।
শনিবার সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে দেখা যায় টিকা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। একারণে টিকা নিতে আসা ব্যক্তিরা দুর্ভোগের শিকার হয়েছেন।
উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের বাসিন্দা মো. সয়ফুল আলম (৫২)। তিনি হাসপাতালে এসেছিলেন করোনা ভাইরাসের টিকা নিতে। সকালে তাহিরপুর হাসপাতালে এসে জানতে পারেন শনিবার টিকা দেয়া হবে না। সয়ফুল বললেন, সকালে নৌকা করে টিকা নিতে হাসপাতালে এসেছি। আসার পর জানতে পারলাম আজ টিকা দেয়া হবে না৷ এ কারণে টিকা না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।
একই গ্রামের বাসিন্দা মোছা. তাছলিমা জানালেন, সকালে নৌকা ভাড়া দিয়ে হাসপাতালে এসেছি। এখন তারা বলছে আজকে দেয়া হবে না। এতে টাকা ও সময় নষ্ট হলো আমার।
তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বাসিন্দা মো. নজু বললেন, আমি দোকান বন্ধ করে টিকা নিতে আসছি। আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আজকে টিকা দেয়া হবে না। আগে থেকে জানালে আমাদের এই ভোগান্তি হতো না।
এবিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বললেন, জেলার প্রতিটি ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বলা হয়েছে গণটিকা কার্যক্রমের জন্য প্রয়োজনে তারা হাসপাতালের টিকা প্রদান কার্যক্রম বন্ধ রাখতে পারবে। জনবল সংকটের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।