স্টাফ রিপোর্টর
গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা শাখার আয়োজনে শহরের হাজী পাড়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের পৌর চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ইঞ্জি: আজিজুল সিকাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কালীকৃষ্ণ পাল, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোছাদ্দেক হোসেন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, প্রকৌশলীরা সব সময় দেশের কল্যাণ চিন্তা করে কাজ করেন। আমাদের দেশের অনেক প্রকৌশলী বহির্বিশ্বে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা বিদেশ থেকে প্রকৌশলী নিয়ে এসে কাজ করান। কিন্তু আমাদের দেশে অনেক মেধাবী প্রকৌশলী রয়েছেন যারা দেশে ভাল কাজ না পেয়ে বিদেশে চলে যান। দেশের মানুষ যাতে দেশে থেকে কাজ করতে পারে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে।