স্টাফ রিপোর্টার
বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চলতি বছরের ১৯ জুন এসএসসি ও সমমান পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয় ১৭ জুন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময় এমসিকিউ ২০ মিনিট, লিখিত বা সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জ জেলার ৫৩টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ২৮ হাজার ২০৫ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৬৩৭ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৮৪২ জন।
এবার সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২৩ হাজার ৪২৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ হাজার ৫৭৫ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনালে ১ হাজার ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে। সাব ভেন্যু রয়েছে ৩৮টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীরা ১৩টি কেন্দ্রে এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি/দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীরা ৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) ও এপ্রিলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার কারণে এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা পিছিয়েছে। গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া গেলেও এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়।
এদিকে বন্যা পরিস্থিতির কারণে পেছানো ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। এবার সকাল ও বিকেল দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। সকালের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।