সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার গরিববান্ধব সরকার। আর সেই গরিবের নামে বরাদ্দ দেওয়া কোনো কিছু যেন ধনীদের পকেটে না যায়। তিনি ররিবার দুপুরে ফরিদপুরের সালথার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ টাকা কেজি চাল বিতরণের কার্ড যাচাই-বাছাইকালে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি দেশে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। আর এ উন্নয়নকে চলমান রাখতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম চয়ন, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সোহাগ, হাবীবুর রহমান লাবলু, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন প্রমুখ।