বিশেষ প্রতিনিধি
গাজীপুরের আস্তানায় নিহত জঙ্গি সাইফুর রহমান বাবলু (২২)’র বাবা মতিউর রহমানকে মুনিরজ্ঞাতির ডিমকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল শুক্রবারই তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গাজীপুরে নিহত জঙ্গিদের আরো যে দুজনের নাম সুনামগঞ্জ পুলিশের কাছে পাঠানো হয়েছে, এদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
গাজীপুরের জঙ্গি আস্থানায় নিহত মুনিরজ্ঞাতির সাইফুর রহমান বাবলু’র পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ ও সাইফুরের পরিবার। কিন্তু গাজীপুর থেকে আরো দুই জনের যে ছবি ও ঠিকানা পাঠানো হয়েছে, সেগুলোর মিল খুঁজে পাওয়া যায়নি। নিহত আরেক তরুণের ঠিকানা দেওয়া হয়েছে মুনিরজ্ঞাতির পাশের সেনপুর গ্রাম। নাম দেওয়া হয়েছে হাবিবুর রহমান হাবিব। অথচ সেনপুরের হাবিবুর রহমান হাবিব জীবিতই আছে। পিতার নামের সঙ্গেও মিল নেই। ছবিতেও মিলছে না। একইভাবে মুনিরজ্ঞাতির পাশের ভুইগাঁও’র ঠিকানা দিয়ে আরেক নিহত জঙ্গির নাম দেয়া রয়েছে সফিকুল ইসলাম। কিন্তু ভুইগাঁওয়ের সফিকুল ইসলামও জীবিত। তার বাবার নামের সঙ্গেও মিল নেই। ছবিতেও মিল পাওয়া যায়নি।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘জঙ্গিরা ছদ্মনাম ব্যবহার করে থাকে। নিহত জঙ্গি হাবিব ও সফিকুল সুনামগঞ্জের মনে করেই তদন্ত করছি আমরা। নিহত অপর জঙ্গি সাইফুরের বাবা মতিউর রহমানকে আটক করে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার মতিউর রহমানকে আদালতে সোপর্দ করা হবে।’
এদিকে, পুলিশের কাছে আটক হবার আগে বুধবার দুপুরে সাইফুরের বাবা মতিউর রহমান বলেন,‘আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। আমি দরিদ্র মানুষ। অতিকষ্টে ছেলেটিকে পড়িয়েছি। আমার ছেলে জঙ্গি হয়েছে, এটি ভাবতেও কষ্ট হচ্ছে। আমি তার লাশ আনবো না’।
মতিউরের মা হোসনে আরা বেগমও সন্তানের এমন পরিণতিতে কেবল আর্তনাদ করছেন। হোসনে আরা বেগম বলেন,‘আমার সন্তানকে বিপথে নিয়ে যারা আমার কোল খালি করেছে, আমি প্রধানমন্ত্রীর কাছে তাদের বিচার চাই’।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘গাজীপুরের অপারেশনে নিহত ৭ জঙ্গির মধ্যে ৩ জঙ্গির ছবি ও নাম ঠিকানা পাঠানো হয়েছিল। জঙ্গিরা অনেক সময় ছদ্মনাম ব্যবহার করে। এ কারণে নামে-মানুষে ও ছবিতে দুই জনের মিল পাওয়া যায়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে’।