- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গান ও নাটক মানুষের মধ্যে বন্ধন তৈরি করে -মি. হেনরিক উইথ

স্টাফ রিপোর্টার
নরওয়ে দুতাবাসের ডেপুটি হেড অব দ্য মিশন মি. হেনরিক উইথ বলেছেন, ‘সুনামগঞ্জ লোক সাহিত্যের উর্বর জেলা। এখানকার  গীতিকবিদের গান ও নাটক মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি করে। এইসব গান মানুষকে অন্তরের অনেক গভীরে নাড়া দিয়ে যায়, গুঢ় দার্শনিক তত্ত্বের সাথে সহজভাবে পরিচয় ঘটায়।’  তিনি বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ এ জেলায় ভাল কাজ করছে। মঙ্গলবার বিকালে শহরের পৌরসভা চত্বরে পথলোক নাট্যোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মি. হেনরিক উইথ এর আগে অনুষ্ঠানে পরিবেশিত রাধারমণের ধামাইল গান, হাছনরাজা ও শাহ আব্দুল করিমের গান  উপভোগ করেন। এছাড়াও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রচনায় ও নির্দেশনায় পরিবেশিত নাটক ঝড় উপভোগ করেন তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে পথলোক নাট্যোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের দুতাবাসের সিনিয়র অ্যাডভাইজার মি. মোরশেদ আহমেদ। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, জেলা শাখার সাবেক সভানেত্রী শীলা রায়, বর্তমান সভানেত্রী গৌরী ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

  • [১]