শহীদ নূর আহমেদ
ধীর গতিতে চলছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বীরগাঁও সড়কে নির্মাণাধীন গুঁইড়াখাল সেতুর কাজ। চলতি বছরের জুন মাসে প্রকল্প মেয়াদ শেষ হলেও এখনও বাকি রয়ে গেছে সেতুর বহু কাজ। কমসংখ্যক লোকবল দিয়ে ঢিমেতেতালা গতিতে কাজ করাচ্ছেন ঠিকাদার। মুল বেইজের কাজ শেষ না হওয়ায় পাটাতনের কাজ শুরু হচ্ছে না। বৃষ্টি বাদলের দিন ঘনিয়ে আসলেও এপ্রোচে মাটি ভরাটের কাজ এখনও শেষ হয়নি। তবে সময়ের ভিতরে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এলজিইডি সুত্রে জানা যায়, ৪ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে পাগলা-বীরগাঁও সড়কে গুঁইড়াখাল সেতু। চলতি মাসের জুন মাসে শেষ হওয়ার কথা নির্মাণ কাজের । মের্সাস মামুন কন্সস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায় সেতুটির। ২০১৬ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে নির্মাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। মার্চ মাস পর্যন্ত কাজ করলেও আগাম বন্যার কারনে দীর্ঘদিন বন্ধ
থাকে সেতুর নির্মাণ কাজ। পরে ডিসেম্বরের শেষে দিকে আবার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় এলাকাবাসী। অভিযোগ উঠছে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়েও ।
বীরগাঁও গ্রামের বাসিন্দা রায়ফত আলী বলেন, গুঁইরাখাল সেতুটি নির্মাণ হলে আমাদের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। কিন্তু যে ভাবে কাজ করা হচ্ছে মেয়াদ সময়ের ভিতরে কাজ শেষ করতে পারবে না।
জুশেল আহমদ নামের আরেক যুবক বলেন, অত বড় অংকের কাজ অথচ ৫ জন ১০ জন লোক দিয়া কাজ করাচ্ছে ঠিকাদার। কাজের মধ্যে দুই নাম্বার পাথর ব্যবহার করা হচ্ছে।
পূবর্ বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নূর কালাম বলেন, কম সংখ্যক লোক দিয়ে কাজ করলে সঠিক সময়ে কাজ শেষ করা যাবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের দক্ষ লোকবলের ঘাটতি রয়েছে। এখনও বেইজের কাজ শেষ হয় নাই। কবে ঢালাই হবে। মাটির কাজ তো অনেক বাকি রয়ে গেছে। জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হলে দক্ষ লোকবল বাড়াতে হবে।
এ নিয়ে মের্সাস মামুন কন্সস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক সেন্টু তালুকদার বলেন, সেতুর কাজ ধাপে ধাপে করতে হয়। অনেক কাজ বাকি আছে তবে আমরা মেয়াদ সময়ের ভিতরে নির্মাণ কাজ শেষ করতে পারব বলে আশাবাদী।
উপজেলা এলজিইডি প্রকোশলী আলাউদ্দিন খান বলেন, মেয়াদ সময়ের ভিতরে কাজ শেষ করার চেষ্টা চলছে, দেখি কি হয়।