স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে গুরমা বর্ধিতাংশ হাওরের ৩৪ নং প্রকল্প বাঁধের সভাপতি কে গ্রেফতার করা হয়েছে। প্রকল্প কাজের সাধারণ সম্পাদক সুহেল মিয়া জানান, সোমবার দিবাগত রাতে একটি মামলার গ্রেফতারি পরওয়ানার ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
তিনি আরো জানান, পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গুরমা বর্ধিতাংশ হাওরের ৩৪ নং প্রকল্পটি মারাত্মক হুমকির মুখে রয়েছে। বর্তমানে প্রতিদিনই বাঁধে মেরামত কাজ করতে হচ্ছে। প্রকল্পের সভাপতি আলী রব প্রকল্প এলাকাতে না থাকায় বাঁধের কাজে নিয়োজিত শ্রমিকদের মজুরী পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
হাওরপাড়ের লামাগাঁও গ্রামের কৃষক কয়েস মিয়া বলেন, গুরমা বর্ধিতাংশ হাওরের ৩৪ নং প্রকল্পটি কলমার হাওরে পড়েছে। এ হাওরে প্রায় ৫’শ একর জমি রয়েছে। বর্তমানে পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধটি চরম হুমকিতে রয়েছে। বিশেষ করে প্রকল্প কাজের সভাপতি আলী রব কারাগারে থাকার কারণে প্রকল্পের মেরমত করা সম্ভব হচ্ছে না।
উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, হাওরের এ দুর্যোগ মুহুর্তে প্রকল্প কজের সভাপতি বাঁধে সার্বক্ষণিক অবস্থান থাকা জরুরী। এলাকার কৃষকরা তাকে জানিয়েছেন, প্রকল্প সভাপতি আলী রব নাকি কারাগারে রয়েছে।
তাহিরপুর থানার এসআই গোলাম হক্কানী বলেন, তাহিরপুর থানায় গ্রেফতারী পরোয়ানাকৃত আসামী আলী রবকে সোমবার রাতে গ্রেফতার করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।