রমেন্দ্র কুমার দে মিন্টু
শ্রদ্ধেয় গুলজার আহমেদ এর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। আমি তখন উচ্চ বিদ্যালয় নবম শ্রেণিতে পড়ি তখন তিনি আমাকে ছাত্র রাজনীতিতে সক্রিয় হতে উৎসাহিত করেন। তখন থেকেই স্বৈরাচার আইয়ূব বিরোধী বিভিন্ন মিটিং, মিছিলে শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে থাকি।
সবচেয়ে স্মরণীয় হল গুলজার ভাই ও ইকবাল ভাই সুনামগঞ্জ এসে আমাদের রাজনৈতিক সঠিক পথ অবলম্বন করতে সাহায্য করেন। শ্রদ্ধেয় গুলজার ভাই ইতিপূর্বে সুনামগঞ্জ পুরাতন কলেজ (বর্তমান ট্রাফিক পয়েন্ট ছিল) এর ছাত্র ছিলেন। তিনি অনেক কষ্ট করে লজিং এ থেকে পড়াশুনা করতেন।
কলেজে তখন প্রগ্রেসিভ পার্টি করতেন। উনার সময় ছিলেন কাজল দা, আজাদ ভাই, বিশুদা, রাখাল দা, নেপু দা তারা কমিউনিস্ট পার্টি করতেন।
কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হওয়ার পর তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) করতেন।
তিনি দিরাই-শাল্লা-জামালগঞ্জ নির্বাচনী এলাকায় জাতীয় পরিষদ নির্বাচন করেছিলেন। জগন্নাথপুর-দ. সুনামগঞ্জ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনটিতেই জিততে পারেন নি।
একজন প্রগতিশীল লোক হিসেবে এলাকায় তাঁর সুনাম আছে। উনার ত্যাগ তিতিক্ষার জন্য আমি উনাকে শ্রদ্ধা জানাচ্ছি। রাজনীতির শেষ পর্যায়ে প্রগতিশীল পার্টি থেকে বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে তিনি শেষ জীবন ঢাকাতে কাটান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
আমি উনার আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
লেখক: রাজনীতিক ও সমাজকর্মী।