শেখ কবির আহমেদ, মালয়েশিয়া থেকে
সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার চারজনের মধ্যে এক বাংলাদেশি ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনের সঙ্গে বৈঠক করেছিল বলে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্ট্রেট টাইমস’র খবরে বলা হয়েছে।
ওই খবরে বলা হয়, ৩৭ বছর বয়সী ওই ব্যবসায়ী মালয়েশিয়ার বুকিত বিনত্যাঙে তার রেস্টুরেন্টে গুলশানে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন আন্দালিব আহমেদের সঙ্গে হামলার আগে দেখা করেছিল। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই খবরে আরও বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তি ওই সময় তার দেশে হামলা চালানোর পরিকল্পনা করছিল।
খবরে আরও বলা হয়, গ্রেফতার ওই ব্যক্তি তার দেশের বেশ কয়েকজনের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতো। এ ব্যক্তি বাংলাদেশে একে-৪৭ রাইফেল সরবরাহ করার সঙ্গে জড়িত ছিলো বলে ওই খবরে জানানো হয়। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্দালিব মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য অবস্থান করে। পরে সে সেখান থেকে ইস্তাম্বুল চলে যায়।
দেশটির পুলিশের মহাপরিদর্শক তান শ্রি খালিদ আবু বকর বলেন,‘ গ্রেফতার চারজনের মধ্যে ওই লোক একজন ব্যবসায়ী। আগস্টের ২ তারিখ হতে সেপ্টেম্বরের ১৭ তারিখের মধ্যে মালয়েশিয়ার বুকিত আমান শহরের স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেররিজম ডিভিশনের সদস্যরা তাকে গ্রেফতার করে। বাংলাদেশি ওই সন্দেহভাজনকে আগস্টের ১৯ তারিখে গ্রেফতার করা হয়। পরে সেপ্টেম্বরের ২ তারিখে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। স্পেশাল অপারেশনে গ্রেফতারকৃতদের মধ্যে একজন নেপালিজ ব্যবসায়ী, একজন মরোক্কোন ও অন্যজন মালয়েশিয়ান ছিলেন। নেপালি ওই ব্যক্তি একজন হোটেল ব্যবসী। ধারণা করা হচ্ছে, নেপালি ওই ব্যক্তি জাল কাগজ তৈরি করে বাংলাদেশি সন্দেহভাজন ওই সন্ত্রাসীর জন্য মালয়েশিয়া ভ্রমণের ব্যবস্থা করেন। আর মরোক্কো কর্তৃপক্ষের হাত থেকে বাঁচতে মরোক্কান ওই সন্দেহভাজন মালয়েশিয়ায় পালিয়ে আসে। এর আগে সিরিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার জন্য তুরস্ক কর্তৃপক্ষের হাতে আটক হয়। সেখান থেকে মুক্ত হয়ে সে মালয়েশিয়ায় উপস্থিত হয়। আর চতুর্থ ওই সন্দেহভাজন মালয়েশিয়ায় এক ব্যবসায়ীর ড্রাইভার। সন্ত্রাসী গোষ্ঠী মোহাম্মদ ওয়ান্দি মোহাম্মদ জেদির সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাহায্যে সে ইসলামিক স্টেটের আদর্শ প্রচারে কাজ করতো।