আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে যৌতুকের বলি গৃহবধূ নার্গিস আক্তারকে পাশবিক নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামের আবুর হাটিতে এই ঘটনা ঘটে।
গৃহবধুকে হত্যার পর পরই স্বামীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর দিন বৃহস্পতিবার রাতে গৃহবধূ নার্গিস আক্তারের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে নার্গিসের স্বামী তোফাজ্জল হোসেন, শ্বশুড়, শ্বাশুড়ী, দেবর, ননদসহ পরিবারের ৫জনকে আসামী করে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানার লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সূত্র থেকে জানা যায়, জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামের আবুর হাটির গোলাম রব্বানীর ছেলে তোফাজ্জল হোসন আব্দুল হামিদের মেয়ে নার্গিস আক্তারের সাথে রেজিষ্ট্রি কাবিনের মাধ্যমে ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নার্গিস আক্তারকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতো স্বামীর পরিবারের লোকজন। পরে ২ লক্ষ টাকা যৌতুক দেয়াও হয়। নার্গিসের গর্ভে কন্যা সন্তান জন্ম নিলে আরো ১ লক্ষ ৫০ হাজার টাকা দেবার জন্য চাপ দেয়া হয়। সেই টাকা দিতে না পারায় নার্গিসকে যৌতুকের জন্য শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার সকালে টাকা না পেয়ে স্বামীর পরিবারের সদস্যরা নার্গিসকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। আর এই মারপিটের পরই তার মৃত্যু হয়।
মৃত্যুর পরপরই নার্গিস আক্তার বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী ও পরিবারের পক্ষ থেকে প্রচার চালানো হয়। পরবর্তীতে পাড়া প্রতিবেশীর কাছ থেকে ঘটনাটি জানাজানি হলে নার্গিস আক্তারের স্বামীসহ পরিবারের সকলে গা ঢাকা দেয়। মৃত্যুর পর জামালগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।
নার্গিসের চাচা জাবেদ আহমদ জানান, আমার ভাতিজিকে জামাই ও তার পরিবারের লোকেরা টাকার চাপ দিলে আমি প্রথম দফায় টাকা দেই। আবারো টাকার জন্য চাপ দিয়ে টাকা না পেয়ে আমার ভাতিজিকে শারিরীক নির্যাতন করে তাতেই তার মৃত্যু হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন,‘ গৃহবধূ নার্গিস আক্তার হত্যার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।