ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে বাস থেকে নামিয়ে হাফিজুর রহমান(২৫) নামের এক সিএনজি চালককে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার দুপুর প্রায় ১২টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমানকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ-ফিরিল্লাপাড়া গ্রামের আহমদ আলীর পুত্র।
জানা যায়, বাসযোগে সিলেট থেকে ছাতক আসার পথে গোবিন্দগঞ্জে স্থানীয় কতিপয় সিএনজি চালক জোর করে হাফিজুর রহমানকে বাস (নং-সিলেট-১১-০১৪২) থেকে নামিয়ে গোবিন্দগঞ্জ সিএনজি পুরাতন কার্যালয়ে নিয়ে যায়। সেখানে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাকে আহত করে ছাতকগামী অপর একটি বাসে তুলে দেয়।
আহত হাফিজুর রহমান জানান, সকালে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের বাসন্দা ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানার বাড়ি থেকে মাছ নিয়ে বাসযোগে ছানাউর রহমান ছানার সিলেটস্থ বাসায় যায় সে। মাছ দিয়ে ছাতক ফেরার পথে গোবিন্দগঞ্জ পয়েন্টে স্থানীয় সিএনজি চালকরা তাকে জোর করে বাস থেকে নামিয়ে বেধরক মারপিট করে। এ সময় ছানাউর রহমান ছানার দেয়া ১লাখ ২০হাজার টাকা তার কাছ থেকে সিএনজি চালকরা ছিনিয়ে নেয় বলে সে অভিযোগ তুলেছে। এ টাকা ছাতক শহরের ছানাউর রহমান ছানার কেয়ারটেকারের কাছে পৌছে দেয়ার কথা ছিল বলে হাফিজুর জানান।