সু.খবর ডেস্ক
আগামী ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রশ্ন ফাঁস রোধে দেশের প্রেস ও কোচিং সেন্টারগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকের ব্রিফিংকালে তিনি একথা জানান।
প্রশ্নপত্র ফাঁসকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, কোনো শিক্ষক নকলে সহযোগিতা করলে, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদের পেতে হবে। যারা নকলে সহযোগিতা করবেন তারা কোনোভাবে আর শিক্ষক থাকতে পারবেন না।
আগামী ৩ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা।
২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮,৬২৮। এর মধ্যে এইচএসসিতে ১০ লাখ ২০,১০৯, এইচএসসি (বিএম) এ ১ লাখ ২,১৩২, আলিমে ৯১,৫৯১ এবং ডিআইবিএসে ৪৭৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, দিনের প্রথম ভাগের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর একটায়। আর শেষ ভাগের পরীক্ষা দুপুর দুইটায় শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।