স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পেশাজীবী কল্যাণ সমিতি সিলেটের আয়োজনে ও জালালাবাদ রোটারী ক্লাব সিলেটের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এসময় মেডিসিন, শিশু, নিউরো, গাইনী, সার্জারী ও থেরাপী বিভাগের ডা. সানজিদা সিদ্দিকী, ডা. সাবিনা ইয়াসমিন, ডা. জিয়াউর রহমান, ডা. রাজেন্দ্র প্রসাদ দাস, ডা. মো আলিম আল-রাজী খাঁন, ডা. ইমদাদুর রহমান ইমন, ডা. নাসরিন সুলতানা পিয়া, ডা. শাহরিয়ার মাহমুদ সাগর ও ডা. সারোয়ার আহমেদ সুমন সহ ১০জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
ডা. জিয়াউর রহমান বলেন, আমরা সিলেট থেকে মেগা মেডিকেল ক্যাম্পে আমন্ত্রণ পেয়ে এসেছি। এখানের মানুষ স্বতঃস্ফুত সাড়া দিয়েছে। এখানের রোগীদের বেশিরভাগেরই কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, প্রেশাস বেশি। রোগীদের আমরা ঔষধ দেয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছি।
গৌরারং ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা দিনমজুর ফইজুর রহমান (৪০) বলেন, সারাদিন কাজ করে যা পাই তাই দিয়ে সংসার চালাই। শরীরে নানান রোগের বাসা। শহরে গিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা আমার নেই। এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছি।
একই ইউনিয়নের উজানশাকলা গ্রামের বাসিন্দা জ্যোতিন্দ্র দাস বলেন, ৫-৬ বছর যাবৎ অসুস্থ্য। পায়ে পচন ধরেছে। ঢাকায় একবার চিকিৎসা করিয়েছি। ডাক্তার ঔষধ দিয়েছে। ঔষধ খাওয়ার পর কিছুটা কমেছিলো। ঔষধ শেষ, আবারও পচন শুরু হয়েছে। বারবার শহরে গিয়ে চিকিৎসা করানো ক্ষমতা নেই। এইখানে শুনছি সিলেট থেকে বড় ডাক্তার আসবে। তাই আসছি।
গৌরারং ইউনিয়নের পেশাজীবী কল্যাণ সমিতি সিলেটের সভাপতি সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, আমরা সিলেট থেকে এখানে এসেছি। গ্রামের অনেক মানুষ চিকিৎসা সেবা পায় না। টাকার জন্য শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না। তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আজকে আমরা গ্রামে এসেছি।
জালালাবাদ রোটারী ক্লাব সিলেটের সভাপতি ডা. মো. জাকারিয়া হোসাইন বলেন, আমাদের ক্লাব সব সময় গরীবদের পাশে থাকে। মাঝে করোনার জন্য আমাদের কার্যক্রম বন্ধ ছিলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি আমরা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান, গৌরারং ইউনিয়নের পেশাজীবী কল্যাণ সমিতি সিলেটের সহসভাপতি অ্যাড. আতিকুর রহমান, সাদেক রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুর হক, ধর্ম সম্পাদক আরশাদ নোমান, সাংস্কৃতিক সম্পাদক বিমল দাস প্রমুখ।