- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গৌরারং ইউনিয়নে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বোরো ফসল রক্ষায় অপ্রয়োজনীয় বাঁধ, অতিরিক্ত বরাদ্দ ও নীতিমালার বাইরে কমিটি দিয়ে কোটি টাকা আত্মসাতের ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক বরাবরে এই অভিযোগপত্র দাখিল করেন ইউনিয়নের বৈঠাখালী গ্রামের মৃত গোলাম হক খানের ছেলে মো. ইয়ার লতিফ খান।
অভিযোগপত্রে মো. ইয়ার লতিফ খান উল্লেখ করেন, গৌরারং ইউনিয়নের জোয়াল ভাঙা ও খরচার হাওরে বেড়িবাঁধের কাজ চলছে। কিন্তু বোরো ফসল রক্ষায় অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ করা হচ্ছে। এসব বাঁধে অতিরিক্ত বরাদ্দ ও নীতিমালার বাইরে কমিটি গঠন করে কোটি টাকা আত্মসাতের পাঁয়তারা চালানো হচ্ছে। যারা বাঁধ নির্মাণ কমিটিতে রয়েছেন, তাঁরা বাঁধের পার্শ্ববর্তী গ্রামের কোনো বাসিন্দা নন। এসব হাওরে তাদের কোনো জমিও নেই। অভিযোগে উল্লেখিত বিষয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আবেদনকারী মো. ইয়ার লতিফ খান।

  • [১]