সু.খবর ডেস্ক
আগামী পহেলা জুন থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদেনে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালত রুলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নেওয়া ওই সিদ্ধান্ত গ্যাসের নতুন দাম নির্ধারণের বিষয়টি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। বিইআরসি, বিইআরসির চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গ্যাসের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন আদালতের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটকারির আইনজীবী সাইফুল আলম সোমবার বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪ অনুযায়ী, বছরে একবারের বেশি গ্যাসের মূল্যবৃদ্ধির সুযোগ নেই। অথচ এবার দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে দুই ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধি সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ১ মার্চ থেকে প্রথম দফা এবং ১ জুন থেকে দ্বিতীয় দফায় এ মূল্যবৃদ্ধি কার্যকর হবে। এর ফলে ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা গুনতে হবে গ্রাহকদের। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা দিতে হবে।