স্টাফ রিপোর্টার
‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জ্ঞানের আলোয় আলোকিত মননশীল সমাজ বিনির্মানের লক্ষ্যে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় গণগ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসন ও সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজ প্রভাষক মো. মশিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কবি ও গীতিকার শেখ ওয়ারিশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্যিক ওবায়দুল হক মুন্সী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, শিল্পী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।