আকবর হোসেন, জামালগঞ্জ
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,ঘর হইতে দু’পা ফেলিয়া, একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু, কবির বাণী সার্থক। আমরা দেখি নাই,আমাদের কাছেই এত সৌর্ন্দয্য।
প্রকৃতির অপরূপ সাজ, চিরচেনা সবুজ আর সবুজের সমারোহ দেখতে ঘুরে আসুন, দেখে আসুন, হাওরের নয়নাভিরাম দৃশ্য। জামালগঞ্জের কানাইখালী নদীর দুই তীরে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার লম্বা হিজল করচের বাগ।
বাগগুলোতে ঘুরে অবলোকন করুন, শরীর আর মনকে প্রশান্ত করুন। আমাদের হাওরের হিজল করচের বাগগুলো হাতছানি দিয়ে ডাকছে আপনাকে। আর বলছে আসুন আমাকে অবলোকন করুন। বাগগুলোতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, গভীর রাত, ভোরের আলোয় একএক সময় এক রূপ ধারণ করে হিজল করচের বাগে। গাছগুলোতে হাজারো পাখির কলকাকলীতে ভরে উঠে পুরো হাওর পাড়। আর মাছের পাশাপাশি কাকড়া, কাছিম সহ নানা প্রজাতির প্রাণীর ঝনঝনাতে অভয়ারণ্য হিসেবে পুরো বাগ মুখরিত হয়ে উঠে। ছোট ছোট নৌকা নিয়ে বাগের ভিতরে ঘুরলে আপনি হারিয়ে যাবেন আপন ভুবনে,আপনার কাছে মনে হবে আমি কোথায় ঘুরছি, নিজের চোখে না দেখলে আর না ঘুরে গেলে আপনিও বুঝতে পারবেন না প্রকৃতির অপার এই সৌর্ন্দয্যকে।
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বৃহত্তর পাগনার হাওর পূর্ব পাড়ে নয়মৌজা এলাকায় বর্ষাকালে হিজল আর করচের এই বাগ হেমন্তে আরেক রূপ ধারণ করে । বিশেষ করে বর্ষা আর শীতের সৌর্ন্দয সকলকেই মুগ্ধ করে তোলে। বর্ষা কালে চতুর্দিকে পানি আর পানি আর মাঝখানে কানাইখালী নদী। দেখলেই চোখ জুড়িয়ে যায়। প্রতিদিনই নৌকায় করে ঘুরতে যান মানুষজন। অনেকেই দূর-দূরান্ত থেকে সপরিবারে ছুটে আসেন এখানে।
ফেনারবাঁক ইউনিয়নের উপর বয়ে যাওয়া নদী কানাইখালীর দুই তীরের একপাড়ে ছয়হারা গ্রামের সামনে থেকে ভাটী দৌলতপুর পর্যন্ত ,আরেক তীরে কামারগাঁও থেকে বিনাজুড়া পর্যন্ত,আরেকটি বাগ খুজারগাঁও গ্রামের পাশে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নিকটে, আরো দুইটি বাগ রয়েছে একই এলাকার মাতারগাঁও গ্রামের কাছে, এলাকার গঙ্গাধরপুর গ্রামের পেছনে পশ্চিম দিকে আরো ছোট একটি বাগ। আমাদের অপরূপ বাগগুলো প্রচারহীন ভাবে পড়ে রয়েছে। যার কারণে অনেক ভ্রমণ পিপাসু ও পর্যটকরা এই স্থানটির কথা জানতে পারছেন না।
বর্ষাকালে উপজেলা সদর থেকে লাল বাজার/কারেন্টের বাজার অটোরিক্সায় ভাড়া ১০ টাকা, সেখান থেকে বাগে রির্জাভ নৌকায় আসা যাওয়া ২শত টাকা খরচ হবে।
হেমন্তকালে জামালগঞ্জ উপজেলা সদর থেকে ইচ্ছে করলেই কেউ সহজেই ঘুরে আসতে পারেন বাগগুলোতে। উপজেলা সদর থেকে সরাসরি প্রাইভেট কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি ও মটরবাইকে যাওয়া যায় সময় লাগবে ২০-৩০ মিনিট। আর খরচ পড়বে ছোট যানবহনে ২শত থেকে ৩ শত টাকা।