- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষয়ক্ষতি নিতে হবে দ্রুত সারিয়ে তোলার ব্যবস্থা

প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টি ঝরিয়ে বাংলাদেশের ভূখন্ড অতিক্রম করে গেছে ‘রোয়ানু’। পাঁচ ঘণ্টার মতো সময় নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সময় প্রাণ কেড়ে নিয়েছে ২৪ জনের। এতে আহত হয়েছে অন্তত ৫০০ মানুষ। ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে বিস্তৃীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষতির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভেসে যায় মাছের ঘের, লবণের মাঠ। কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ছিঁড়ে পড়ায় অনেক এলাকা বিদ্যুত্হীন হয়ে পড়েছিল। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামে, ১৪ জন।
বন্যা, খরা, ভূমিধস, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্র্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। এর মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সম্পদ ও প্রাণহানির পরিমাণ ব্যাপক। ঘূর্ণিঝড় হল গ্রীষ্মমন্ডলীয় ঝড় বা বায়ুমন্ডলীয় একটি উত্তাল অবস্থা, যা বাতাসের প্রচন্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ আর্দ্র গ্রীষ্মমন্ডলের অংশ। বাংলাদেশের এই স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান মৌসুমি বায়ুর সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো এবং বন্যাও বয়ে আনে। বঙ্গোপসাগর গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির একটি উপযুক্ত ক্ষেত্র। ঘূর্ণিঝড় সাধারণত গভীর সমুদ্রে সৃষ্ট হয় বিধায় এ সম্পর্কে তথ্যানুসন্ধান সহজ কাজ নয়। মহাশূন্য গবেষণার অগ্রগতির ফলে আবহাওয়া উপগ্রহগুলো এ সম্পর্কে মূল্যবান কিছু তথ্য দিতে পারায় অনুসন্ধানের কাজে কিছুটা অগ্রগতি ঘটছে। উন্নত দেশসমূহ বিমান থেকে নিরীক্ষণ এবং ঘূর্ণিঝড় সম্পর্কে সরাসরি অনুসন্ধানের কাজ পরিচালনা করে থাকে। আশার কথা, বাংলাদেশে ঘূর্ণিঝড় নিরীক্ষণ ও অনুসন্ধান কাজের সূত্রপাত ঘটেছে। বাংলাদেশের সমুদ্রতীরের আকৃতি ফানেল বা চোঙের মতো হওয়ায় স্বাভাবিকভাবেই বারবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের শিকারে পরিণত হয় এ ভূখন্ড। এ অঞ্চলের নিচু সমতল ভূমি, ঘন জনবসতি এবং নিম্নমানের উপকরণে নির্মিত বাড়িঘরের জন্যই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়ে থাকে।
তথ্যানুসন্ধানে এ অঞ্চলের প্রধান ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের যে কালপঞ্জি পাওয়া যায়, এতে দেখা যায় ১৫৮৪ সালের বিদ্যুৎসহ হারিকেনের বৈশিষ্ট্য সংবলিত পাঁচ ঘণ্টা স্থায়ী ঝড়ে কুড়ি লাখ লোকের প্রাণহানি ঘটেছিল। এর মধ্যে ছোট-বড় অনেক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঘটনাও ঘটেছে। এসবে প্রাণহানির ঘটনাও ব্যাপক। ২০০৯ সালে ‘আইলা’ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানলে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। এই তীব্র ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক শক্তি আণবিক বোমার শক্তির সঙ্গে তুলনীয়। এই প্রচন্ড শক্তিকে হ্রাস বা পরিমিতকরণ বর্তমান প্রযুক্তিগত অগ্রসরতার যুগেও অনেকটাই দুঃসাধ্য। শুধু পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। এবারও রোয়ানুর সময় সংশ্লিষ্ট এলাকার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ায় ক্ষয়ক্ষতি অনেকটাই রোধ করা গেছে। যেসব বাঁধ ভেঙে গেছে সেগুলো দ্রুত মেরামত করতে হবে। ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে, যাতে মানুষ ঘুরে দাঁড়াতে পারে। সংশ্লিষ্টদের প্রস্তুুতি রাখতে হবে যাতে ভবিষ্যতের যেকোনো দুর্যোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সহযোগিতার সঙ্গে মানুষের সচেতনতাও জরুরি বিষয়।
 

  • [১]