বিশেষ প্রতিনিধি
তিন দফায় তারিখ করে ঢাকঢোল পিঠিয়ে প্রচার করলেও শেষ পর্যন্ত হয় নি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। এবার চতুর্থ দফায় ২০ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। এই তারিখেও হবে কী না, এ নিয়ে শঙ্খা আছে কর্মীদের মধ্যে। এজন্য সম্মেলন কেন্দ্রীক উত্তাপ কমে গেছে সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে।
এক মাসে তিন দফায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। গেল ৩০ নভেম্বর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা দিয়ে প্রচারণা শুরু হয়। সম্মেলনের কয়েক দিন আগে তারিখ পরিবর্তনের কথা জানিয়ে বলা হয় সম্মেলন হবে ছয় ডিসেম্বর।
২৬ নভেম্বর আবার তারিখ পরিবর্তনের ঘোষণা আসে, কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা ওই সময় বললেন, সম্মেলন হবে ১১ ডিসেম্বর। শনিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন কেন্দ্রীয় অন্যান্য দায়িত্বশীলদের উধৃতি দিয়ে আবার জানালেন, সম্মেলন ১১ ডিসেম্বর নয়, হবে ২০ ডিসেম্বর।
এদিকে, বার বার সম্মেলনের তারিখ পেছানো এবং নতুন তারিখ ঘোষণায় জেলাজুড়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সম্মেলন কেন্দ্রীক উত্তাপ কমে গেছে।
উপজেলাগুলোর ক্ষেত্রেও এমন অবস্থা হয়েছে। কয়েক দফায় তারিখ পিছিয়ে জেলার ১২ উপজেলার মধ্যে সাতটি উপজেলার সম্মেলনও করতে পারেন নি দায়িত্বশীলরা। ২০ ডিসেম্বরের আগে জেলা নেতাদের পক্ষ থেকে কয়েক উপজেলায় সম্মেলন করার চেষ্টার কথা বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ( চার ডিসেম্বর পর্যন্ত) কোন উপজেলা সম্মেলনের তারিখ হয় নি।
২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। প্রায় ছয় বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন তিন দফায় তারিখ পেছানোয় হতাশা আছে নেতা কর্মীদের মধ্যে। একইভাবে উপজেলা সম্মেলন না হওয়ায়ও ক্ষুব্ধ অনেকে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি বললেন, ৩২ বছর পর ছাতক ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০ ও ২১ নভেম্বর। এই দুই উপজেলায় ব্যাপক আয়োজন করেছিলেন নেতা কর্মীরা। একদিন আগে সম্মেলন পেছানোয় ক্ষুব্ধ হয়েছেন নেতা কর্মীরা। এটি কোন ভাল চর্চা নয়।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতা বললেন, দীর্ঘদিন ধরে নেতৃত্বে থাকা নেতারাও সম্মেলন না হবার জন্য তদবির করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বললেন, শনিবার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমেদ হোসেন জানিয়েছেন, ১১ ডিসেম্বরে নয়, ২০ ডিসেম্বরে হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সাহেবের সঙ্গে কথা বলে, আমরা ২০ ডিসেম্বরের মধ্যে কয়েকটি উপজেলায় সম্মেলন করার চেষ্টা করবো।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বললেন, ২০ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হবেই। ওই তারিখে সম্মেলন করার জন্য জেলা নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার এখন আর সময় নেই জানিয়ে এই নেতা বললেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস আছে, ২৪ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন। সুতরাং নেতাদের ব্যস্ততা আছে, এখন আর উপজেলা সম্মেলনে কেন্দ্রীয় নেতারা যেতে পারবেন না।